স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বিএনপি এমন একটি দল, যে দলের কোনো নেতা নেই। সেই দল ক্ষমতায় গেলে মানুষের ভাগ্য বদলে কী কাজ করবে?
তিনি গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে জেলার সাটুরিয়া উপজেলার হরগজ শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় মাঠে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্রীয় কমিটির মতবিনিময় সভায় এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘তারেকের মতো বিএনপি নেতা লন্ডনে পালিয়ে আছে। সে কীভাবে বাংলাদেশের নেতৃত্ব দেবে। তারেক রহমান বাংলাদেশকে লুটপাট করে খেয়েছে। গ্রেনেড হামলায় সে সাজাপ্রাপ্ত হয়েছে। খালেদা জিয়া নিজেই একজন অসুস্থ। ১০ বছরের জেল হয়েছে। শেখ হাসিনার বদৌলতে জেলের বাইরে রয়েছেন সে। তারা এ দেশকে কীভাবে ভালো রাখবে।’
তিনি আরও বলেন, ‘বিএনপিকে ভোট দিলে হানাহানি হবে। বিএনপি হচ্ছে কয়লা, হীরা নয়, কয়লা থেকে হীরা পাওয়া যায় না। তাই আগামী নির্বাচনে আপনারা কয়লা বেছে নিয়েন না। বালুতে যেমন পানি দিলে গাছ জন্মায় না। বিএনপি হচ্ছে কয়লা ও বালু চর। তাদের বেছে নিলে হীরা পাওয়া যাবে না আর বালু চরে গাছ জন্মাবে না।’
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘বিএনপির আমলে সারের জন্য কৃষককে গুলি করে হত্যা করেছে। তারা সারা দেশে সন্ত্রাস কায়েম করেছিল। শায়খ আব্দুর রহমান ও বাংলা ভাই ছিল বিএনপির সৃষ্টি।’ তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য পুনরায় নৌকা মাকায় ভোট প্রার্থনা করেন তিনি।
তিনি বলেন, ‘করোনার সময় বিনামূল্যে ৩৬ কোটি ভ্যাকসিন দেওয়া হয়েছে। একটি ডোজ ভ্যাকসিনের মূল্য ছিল ১০ হাজার টাকা। আপনাদের প্রতিটি মানুষকে তিন ও চারটি করে ভ্যাকসিন দেওয়া হয়েছে। যারা কথায় কথায় আওয়ামী লীগ সরকারকে ফেলে দেন, তারা করোনার সময় (বিএনপি-জামায়াত) কোথায় ছিল?’
হরগজ ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে মতবিনিময় সভায় হরগজ ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আনোয়ার হোসেন খান জ্যোতির সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ অ্যাডভোকেট আবদুল মজিদ ফটো, সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফাজ উদ্দিন মাস্টার, সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেন লাল মিয়াসহ আরও অনেকেই।