৭ বছর পর হতে যাচ্ছে রাবি রুয়েট ছাত্রলীগের সম্মেলন

সাত বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) শাখার নতুন কমিটি গঠনের লক্ষ্যে সম্মেলনের তারিখ ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। ১৮ সেপ্টেম্বর রাবি ও ১৯ সেপ্টেম্বর রুয়েট শাখা ছাত্রলীগের সম্মেলন হবে।

গতকাল শুক্রবার সন্ধ্যায় কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৮ সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয় ও ১৯ সেপ্টেম্বর রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বার্ষিক সম্মেলন হবে।

এর আগে ২০১৬ সালের ১১ ডিসেম্বর এ দুই বিশ্ববিদ্যালয়ে এক বছরের জন্য ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছিল। গোলাম কিবরিয়াকে সভাপতি ও ফয়সাল আহমেদকে সাধারণ সম্পাদক করে রাবি ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়। একইদিন নাঈমুর রহমান নিবিড়কে সভাপতি ও চৌধুরী মাহাফুজুর রহমান তপুকে সাধারণ সম্পাদক করে রুয়েট ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এরপর থেকে তারাই সংগঠনের কার্যক্রম পরিচালনা করে আসছেন। গত বছর রুয়েট ছাত্রলীগের সভাপতি রুয়েটে চাকরি পাওয়ায় দায়িত্ব থেকে অব্যাহতি নেন। তার জায়গায় ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পান সহসভাপতি ইসফাক ইয়াসির।

এরপর ২০২২ সালের ২৩ অক্টোবর বিজ্ঞপ্তির মাধ্যমে রাবি শাখা ছাত্রলীগের নতুন কমিটির জন্য পদপ্রত্যাশী নেতাদের জীবনবৃত্তান্ত আহ্বান করে কেন্দ্রীয় ছাত্রলীগ। প্রায় সপ্তাহ না যেতেই আরেক বিজ্ঞপ্তির মাধ্যমে ১২ নভেম্বর সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়। ৫ নভেম্বর পর্যন্ত ছিল পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত জমা দেওয়ার শেষ সময়। ৯৪ জন প্রার্থী জীবনবৃত্তান্ত জমা দিলেও শেষ পর্যন্ত সম্মেলন হয়নি।

গত সাত বছরে কেন্দ্রীয় ছাত্রলীগের নেতৃত্ব তিনবার পরিবর্তিত হলেও রাবি ও রুয়েটে এ দুই কমিটিই দায়িত্ব পালন করে আসছে। এ সময়ে রাবি শাখা ছাত্রলীগের বিরুদ্ধে আবাসিক হলে আসন দখল, সিট বাণিজ্য, চাঁদাবাজি এবং শিক্ষার্থী নির্যাতনের মতো অসংখ্য অভিযোগ উঠেছে।