কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে গোল করে কিংবদন্তি ফুটবলার পেলেকে ছুঁয়েছিলেন নেইমার। সেই ম্যাচে হেরে ব্রাজিল বিদায় নিয়েছিল টুর্নামেন্ট থেকে। চোটের কারণে নেইমারও ছিলেন মাঠের বাইরে।
বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচ দিয়ে আজ ফের মাঠে নামলেন নেইমার। প্রত্যাবর্তনটা তিনি গোল করে রাঙালেন, করলেন স্মরণীয়।
কিংবদন্তি পেলেকে ছাড়িয়ে ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ আন্তর্জাতিক গোল এখন নেইমারের। ম্যাচের ৬১ মিনিটে গোল করে ছাড়িয়ে যান পেলেকে। পরে আরও একটি গোল করেছেন তিনি। তার গোল সংখ্যা ৭৯। ১২৫ ম্যাচ খেলে তিনি এই কীর্তি গড়েছেন। ৭৭ গোল করতে পেলে খেলেছিলেন ৯২ ম্যাচ।
ম্যাচ শেষে পেলেকে ছাড়িয়ে যাওয়ায় নেইমারকে সম্মানিত করেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। তাঁর হাতে স্মারক এবং ৭৯ লেখা জার্সি তুলে দেওয়া হয়। এরপর প্রতিক্রিয়া জানাতে গিয়ে নেইমার নিজের রেকর্ড নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তবে সবচেয়ে বেশি গোল করে পেলের চেয়ে ভালো খেলোয়াড় হয়ে গেছেন বলে মনে করেন না এই ফরোয়ার্ড। অন্যদিকে, যাঁর পাসে নেইমার রেকর্ডটি গড়েছেন, সেই রদ্রিগোও নেইমারের মাইলফলকের গোলে ‘অ্যাসিস্ট’ করতে পেরে নিজের উচ্ছ্বাসের কথা জানিয়েছেন।
পেলেকে ছাড়িয়ে গিয়ে উচ্ছ্বসিত নেইমার বলেছেন, ‘আমি খুবই আনন্দিত। কখনো কল্পনা করিনি, এই রেকর্ড আমার হবে। তবে আমি রেকর্ডটি নিজের করেছি। পেলেকে অতিক্রম করেছি মানে এই নয় যে আমি তাঁর চেয়ে বা জাতীয় দলের অন্য কোনো খেলোয়াড়ের চেয়ে বেশি ভালো। আমি সব সময় চেয়েছি ব্রাজিলের ফুটবল ইতিহাসে এবং ব্রাজিল দলে নিজের নামটা লিখে রাখতে। আজ আমি সেটা করেছি। আমার পরিবার এবং যেসব বন্ধু এখানে আছেন, সবার প্রতি কৃতজ্ঞতা।’