ভরা বর্ষার মৌসুমে কলম্বোতে চলছে এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচ। বৃষ্টির কারণে কোনো ম্যাচেরই রিজার্ভ ডে রাখা হয়নি। ব্যতিক্রম শুধুই ভারত-পাকিস্তান ম্যাচ। বৃষ্টিতে ঐ ম্যাচ ভেসে গেলেও সমস্যা নেই। ম্যাচটি আয়োজিত হবে পরের দিন। বাকি দলগুলোর জন্য এই সুবিধা রাখা হয়নি। তাতে ক্ষেপেছেন সাবেক ভারতীয় পেসার পেসার ভেঙ্কটেশ প্রসাদ। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এই সিদ্ধান্তকে নির্লজ্জ ও অনৈতিক বলে মন্তব্য করেছেন।
ভারত-পাকিস্তান ম্যাচে রিজার্ভ ডে রাখার খবরটি প্রকাশ করে ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকইনফো। তারা জানায়, এ দুটি ম্যাচে রিজার্ভ ডে যোগ করা হলেও ম্যাচের নির্ধারিত দিনেই খেলা শেষ করার চেষ্টা করা হবে। প্রয়োজনে ম্যাচের দৈর্ঘ্যও কমানো হবে। বৃষ্টি কিংবা অন্য কারণে রিজার্ভ ডেতে ম্যাচ নেওয়া হলেও ম্যাচের দৈর্ঘ্য একই থাকবে এবং নির্ধারিত দিনে ম্যাচ যেখানে অসমাপ্ত রাখা হয়েছিল, রিজার্ভ ডেতে খেলা সেখান থেকেই শুরু হবে।
এই খবর সামনে আসার পর ক্ষোভ প্রকাশ করেন অনেকে। সমর্থকেরা তো বটেই, কোচ এবং সাবেক ক্রিকেটাররাও এ নিয়ে নিজেদের অসন্তুষ্টির কথা জানিয়েছেন।
ভারতের সাবেক ফাস্ট বোলার প্রসাদ বলেছেন, ‘এটি যদি সত্যি হয়, তবে তা হবে চরম নির্লজ্জতা। আয়োজকেরা একটি তামাশা করেছে। আর দুটি দলের জন্য আলাদা নিয়ম তৈরি করে কোনো টুর্নামেন্ট করা অনৈতিক। বিচার বলতে কেবল প্রথম দিনই খেলা বাতিল করা হবে ন্যায্য। দ্বিতীয় দিন বৃষ্টি আরও জোরে হতে পারে এবং এই বাজে পরিকল্পনাও সফল হবে না।’