ছেলে অসুস্থ। স্থানীয় হাসপাতালগুলোতে ঠিক মতো চিকিৎসা হচ্ছে না। এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রেফার করা হচ্ছে। এতে বিরক্ত হয়ে ১০০ ফুট উঁচু টাওয়ারে চড়ে বসলেন বাবা। তার দাবি, ছেলেকে ভারতের দিল্লির এমস হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করে দিতে হবে। না হলে তিনি টাওয়ার থেকে নামবেন না।
গত বৃহস্পতিবার রাতে এমনই একটি ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের লখনউয়ে। স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সেদিন এক ব্যক্তি হঠাৎ করেই স্থানীয় এক হাসপাতালের সামনে থাকা মোবাইল টাওয়ারে উঠে পড়েন। আর এই দৃশ্য দেখে পুলিশকে খবর দেন স্থানীয় বাসিন্দারা। ততক্ষণে ওই ব্যক্তি টাওয়ারের চূড়ায় গিয়ে বসেন।
কিন্তু কেন তিনি টাওয়ারে উঠলেন তা নিয়ে তৈরি হয় ধোঁয়াশা। এ সময় ওই ব্যক্তি চিৎকার করে বলতে থাকেন, স্থানীয় হাসপাতালগুলো তার ছেলের চিকিৎসা করছে না। দিল্লির এমস হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। প্রশাসন এই দাবি না মানলে তিনি টাওয়ার থেকে নামবেন না।
পরে ওই ব্যক্তিকে বুঝিয়ে টাওয়ার থেকে নামানো হয়। তাকে আশ্বাস দেওয়া হয় এমস হাসপাতালে তার ছেলের চিকিৎসা করানো হবে।
আরও পড়ুন: কিম জং উনের সুস্বাস্থ্য কামনায় পুতিন