গাজীপুরের শ্রীপুরে কাজ শেষে অফিস থেকে বাসায় ফেরার পথে অপহরণের শিকার হন পোশাক কারখানার এক জ্যেষ্ঠ কর্মকর্তা। পরে মোবাইল ফোনে তার পরিবারের কাছে মোটা অঙ্কের টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারী দল। তবে অপহরণের ২৪ ঘণ্টার মধ্যেই পুলিশ অভিযান চালিয়ে অপহৃত ওই কর্মকর্তাকে উদ্ধার করেছে। গত বৃহস্পতিবার গভীর রাতে শ্রীপুর পৌরসভার বৈরাগীর চালা গ্রাম থেকে তাকে অপহরণ করা হয়। পরে তার পরিবারের কাছ থেকে অভিযোগ পেয়ে গত শুক্রবার রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ তিন অপহরণকারীকে গ্রেপ্তার এবং অপহৃত জালাল উদ্দিনকে (৩৬) উদ্ধার করে।
শ্রীপুর মডেল থানার ওসি আবুল ফজল মোহাম্মদ নাসিম জানান, উদ্ধার হওয়া জালাল উদ্দিন ময়মনসিংহের ঈশ^রগঞ্জ উপজেলার ছোট উত্তমপুর গ্রামের আবদুল বারেকের ছেলে। তিনি শ্রীপুর পৌর এলাকার দক্ষিণ ভাংনাহাটি ছাপিলাপাড়া গ্রামের হ্যামস গার্মেন্টসে ডেপুটি কোয়ালিটি ম্যানেজার পদে চাকরি করেন।
আর পুলিশের হাতে আটক ব্যক্তিরা হলেন বৈরাগীরচালা গ্রামের শাহ পরান (২৮), মোহাম্মদ নাসিম (২৮) ও রাজিব মিয়া (২৪)।
স্বজনরা জানান, বৃহস্পতিবার রাতে কারখানায় কাজ শেষ করে বাসায় ফেরার পথে অপহরণকারীরা জালাল উদ্দীনকে তুলে নিয়ে যায়। পরে একটি অপরিচিত মোবাইল ফোন নম্বর থেকে কল করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।