বিএনপি তৈরি হয়েছে জামায়াত থেকেই : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, মহান স্বাধীনতার সময় জামায়াত বিরোধিতা করেছিল। তারা এ দেশের স্বাধীনতা চায় নাই। তখন তো বিএনপি ছিল না। স্বাধীনতার পর জামায়াত  থেকেই বিএনপি গজিয়েছে। বিএনপি জামায়াতের দোসর।

গতকাল শনিবার সন্ধ্যায় বালিয়াটি ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি-জামায়াত শুধু নির্বাচনের সময় আসে। তারা মনে করে এদেশের মানুষ অনেক সস্তা, কিছু টাকা ছিটিয়ে দেব। তারা মনে করে এদেশের মানুষ ফকির। ভোট কিনে নেব। কিন্তু তারা ভোটের পর আর মাঠে থাকে না। কিন্তু এখন আর সেই দিন নেই। মানুষ এখন বিদ্যুৎ চায়, উন্নয়ন  চায়। তারা ক্ষমতায় এলে শুধু  জ্বালাও পোড়াও করে। আমরা উন্নয়ন করি। তারা এসে সেই উন্নয়ন ধ্বংস করে। আপনাদের এ বালিয়াটি বাজার আমরা তৈরি করে দিয়েছিলাম। বিএনপি- জামায়াত ২০০১ সনে ক্ষমতায় এসে বাজার ভেঙে শত শত ব্যবসায়ীকে বেকার করে দেয়।’

তিনি আরও বলেন, ‘বিএনপিকে বিশ্বাস করা যায় না। কাকে ভোট দেবেন। বিএনপি করোনার সময় বলেছিল, ভ্যাকসিন দেওয়া যাবে না। এটা নাকি হাস মুরগির ভ্যাকসিন। এখানে শুধু পানি আছে। অথচ আমরা এই ভ্যাকসিন নেওয়ার কারণে পৃথিবীতে সবচেয়ে কম মানুষের মৃত্যু হয়েছে।’