জঙ্গিবাদ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি : আইজিপি

জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণে আনতে পুলিশ বাহিনীর সদস্যেরা সক্ষম হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তিনি বলেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের প্রতি জিরো টলারেন্সের যে নীতি গ্রহণ করেছেন, সেই নীতির আলোকে আমরা দায়িত্ব পালন করছি।’

গতকাল শনিবার দুপুর ১২টায় বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের আওতাধীন বগুড়া পুলিশ প্লাজা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, ‘জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণের কারণে মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি বেড়েছে, রিজার্ভ, রপ্তানি আয়, বার্ষিক রেমিট্যান্স বেড়েছে। সব সুচকে আমরা এগিয়ে গেছি।’

তিনি বলেন, ‘দেশে স্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে কাজ করছে পুলিশ, এতে বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টি হয়েছে। আমরা আমাদের জীবন বাজি রেখে দায়িত্ব পালন করছি। পুলিশ সদস্যরা দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে।’

বগুড়া পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সংসদ সদস্য হাবিবর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান ডা. মকবুল হোসেন, পুলিশ হেডকোয়ার্টার্স এর অতিরিক্ত আইজিপি (ফিন্যান্স) আবু হাসান মুহম্মদ তারিক, বগুড়া জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, চেম্বার অফ কমার্স সভাপতি মাসুদুর রহমান মিলন সিআইপি, পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি (ফিন্যান্স) এস এম মোস্তাক আহমেদ খান, বিপিএম, পিপিএম (বার), ডিআইজি সৈয়দ রিয়াজ আলম। এ সময় রাজশাহী ও রংপুর রেঞ্জ ডিআইজি, পুলিশ সুপাররা, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘আগামী নির্বাচন সংক্রান্ত যেকোনো দায়িত্ব পালনে পুলিশ সদস্যরা প্রস্তুত রয়েছে। নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বিঘœ করার যেকোনো অপপ্রয়াস রোধ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে বাংলাদেশ পুলিশ বদ্ধ পরিকর।