যুবলীগ নেতা এলিটের বিরুদ্ধে অপপ্রচার, গ্রেপ্তার ১

কেন্দ্রীয় যুবলীগের সদস্য নিয়াজ মোর্শেদ এলিটের বিরুদ্ধ সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগে আবুল হাসনাত ওরফে হাবিব খান নামে একজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রবিবার ভোরে চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযুক্ত ব্যক্তির বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

হাবিব খান স্থানীয় সাংসদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মেঝ ছেলে মাহবুব রহমান রুহেলের ব্যক্তিগত সহকারি (পিএস)।

আটককৃত আবুল হাসনাতের দেওয়া তথ্যসূত্র ধরে আইনশৃঙ্খলা বাহিনী মামলার অন্য আসামী জাহাঙ্গীর হোসেন মাস্টার ও মো. মাহফুজুল হক ওরফে লেবার জুনুর বাসায় অভিযান চালায়। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযোগের বিষয়টি টের পেয়ে অভিযুক্তরা আগেই পালিয়ে যায়। এরা সবাই স্থানীয় সাংসদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের অনুসারি বলে এলাকায় পরিচিত।

জানা যায়, কেন্দ্রীয় যুবলীগ নেতা এলিটের বিরুদ্ধে অভিযুক্তরা দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালিয়ে আসছে। এর প্রেক্ষিতে গত ৩ই আগস্ট নিয়াজ মোর্শেদ এলিটের প্রধান রাজনৈতিক সমন্বয়ক ও যুবলীগ কর্মী মো. আছিফুর রহমান বনানী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে অভিযোগ দায়ের করে।

অভিযোগের বিষয়ে যুবলীগ কর্মী মো. আছিফুর রহমান বলেন, আসামিরা দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় যুবলীগ নেতা নিয়াজ মোর্শেদ এলিটের বিরুদ্ধ সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালিয়ে আসছে। বিষয়টি নিয়ে আসামিদের বার বার সতর্ক করা হলেও তারা কর্ণপাত করেননি। তাই বাধ্য হয়ে আইনের আশ্রয় নিয়েছি।

তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চানানোর পাশাপাশি আসামিরা বিভিন্ন সময় কেন্দ্রীয় যুবলীগের নেতা নিয়াজ মোর্শেদ এলিটের বাড়িতে সশস্ত্র হামলা করেছে। এমনকি গত ১৭ই জুন মিরসরাইয়ে এলিটের নেতৃত্বে মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়ন কর্মকান্ড প্রচারের সময় ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে সশস্ত্র সন্ত্রাসীরা প্রচারনায় অংশ নেওয়া নেতা-কর্মীদের উপর হামলা হয়।