অধিকৃত পশ্চিম তীরের একটি শরণার্থী শিবিরে এক ফিলিস্তিনি কিশোরকে গুলি চালিয়ে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। গতকাল শনিবার (১০ সেপ্টেম্বর) হেবরন শহরের কাছে আল-আররুব শরণার্থী শিবিরের প্রবেশপথে তাকে হত্যা করা হয়।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ওই কিশোরের নাম মিলাদ মুনথার আল-রাই। তার বয়স ১৬ বছর।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, কিশোর মিলাদের পিঠে গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী। যদিও ইসরায়েলি বাহিনী তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনও মন্তব্য করেনি।
বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, ইসরায়েলি বাহিনী শরণার্থী শিবিরের প্রবেশপথে বেশ কয়েকজন যুবক ও শিশুকে লক্ষ্য করে গুলি এবং কাঁদানে গ্যাস ছোড়ে।
চলতি বছর ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতে এ পর্যন্ত অন্তত ২২৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। একই সময়ে নিহত হয়েছে ৩২ জন ইসরায়েলি, একজন ইউক্রেনীয় ও একজন ইতালীয় নাগরিক।
সূত্র: এএফপি, আরব নিউজ
আরও পড়ুন: ছেলের চিকিৎসার দাবিতে ১০০ ফুট উঁচু টাওয়ারে বাবা!