নিজ ভূখণ্ড পুনরুদ্ধারে গত জুন থেকে পাল্টা আক্রমণ চালাচ্ছে ইউক্রেনের সেনারা। প্রায় তিনমাস ধরে চলছে এই অভিযান।
তবে এই পাল্টা আক্রমণ চালিয়ে যেতে ইউক্রেনের হাতে আর মাত্র ৩০ দিন সময় আছে বলে জানিয়েছেন যক্তরাষ্ট্রের জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলে। কারণ এক মাস পর থেকেই ইউক্রেনে শুরু হবে শীতকাল। আর শীতের সময়ে যুদ্ধযান, ভারী ট্যাংকসহ অন্যান্য অস্ত্র পরিবহন করা অসম্ভব হয়ে পড়বে বলে জানান তিনি।
রবিবার ব্রিটিশ বার্তাসংস্থা বিবিসি নিউজের এক অনুষ্ঠানে এসব কথা জানান তিনি।
শীতল পরিস্থিতি ইউক্রেনের পক্ষে কৌশল অবলম্বন করা আরও কঠিন করে তুলবে বলে জানান মার্ক মিলে। এ সময় ইউক্রেনের পাল্টা আক্রমণ প্রত্যাশার চেয়েও ধীর গতিতে চলছে বলে স্বীকার করে তিনি বলেন, “এখনও প্রচণ্ড লড়াই চলছে”।
তবে পাল্টা আক্রমণ ব্যর্থ হয়ে গেছে, এখনই এমনটি বলতে চান না এই শীর্ষ জেনারেল। তিনি জানান, ‘রাশিয়ানদের দিকে খুবই ধীর গতিতে এগিয়ে চলছে ইউক্রেনীয় সেনারা।’
মার্ক জানান, "এখনও যথেষ্ট সময় আছে, সম্ভবত প্রায় ৩০ থেকে ৪৫ দিনের যুদ্ধ উপযোগী আবহাওয়া বাকি আছে, তাই বলা যায় ইউক্রেনীয়দের অভিযান শেষ হয়নি।“
‘আমি শুরু থেকেই বলেছি, এই যুদ্ধ একটি দীর্ঘমেয়াদী, ধীরগতির, কঠিন এবং খুবই রক্তক্ষয়ী হবে। আর এখন ঠিক এটিই হচ্ছে।’ যোগ করেন জেনারেল মিলে।
একই অনুষ্ঠানে যুক্তরাজ্যের চিফ অফ ডিফেন্স স্টাফ অ্যাডএম স্যার টনি রাদাকিন বলেন, "ইউক্রেন জিতছে আর রাশিয়া হেরে যাচ্ছে। কারণ রাশিয়ার লক্ষ্য ছিল ইউক্রেনকে পরাধীন করা এবং এটিকে রাশিয়ার নিয়ন্ত্রণে রাখা।
তিনি আরও বলেন, "এটি ঘটেনি এবং এটি কখনই ঘটবে না, এবং সে কারণেই ইউক্রেন জিতছে।"
টনি রাদাকিন আরও বলেন, ইউক্রেন তার ভূখণ্ড পুনরুদ্ধারের যুদ্ধে রাশিয়ার দখলকৃত ভূমির ৫০ শতাংশ পুনরুদ্ধার করেছে।