অবশেষে নিষেধাজ্ঞা থেকে পূর্ণ মুক্তি পেলেন রোমান সানা। তিনি খেলতে যাচ্ছেন আন্তর্জাতিক ইভেন্টে। এ মাসেই চীনের হাংজু শহরে শুরু হতে যাওয়া এশিয়ান গেমসে আর্চারিতে প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশকে।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। ১৯তম এশিয়ান গেমস উপলক্ষে বাংলাদেশ দলের লক্ষ্য আর প্রস্তুতি নিয়ে আজ বিওএ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে রোমানের নিষেধাজ্ঞা মুক্তির আনুষ্ঠানিক ঘোষণা জানান তিনি।
বিষয়টি নিশ্চিত করে রেজা বলেন, ‘রোমানের নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়েছে। সে এশিয়াডে অংশ নেবে। তার অ্যাক্রেডিটেশন কার্ডসহ সবকিছুই ঠিকঠাক মতো হয়েছে।’
শৃঙ্খলাজনিত কারণে গত বছরের নভেম্বরে রোমান সানাকে দুই বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করে বাংলাদেশ আর্চারি ফেডারেশন। তবে গত ৭ মার্চ শর্ত সাপেক্ষে নিষেধাজ্ঞা তুলে নেয় দেশের আর্চারির সর্বোচ্চ সংস্থাটি। কিন্তু রোমানের শৃঙ্খলাভঙ্গের ঘটনা জেনে আন্তর্জাতিক আর্চারি ফেডারেশন স্বপ্রণোদিত হয়ে তার ওপর নিষেধাজ্ঞা দিয়ে রাখে এত দিন, যে কারণে বাংলাদেশ আর্চারি ফেডারেশন চাইলেও তাকে দলে নিতে পারেনি এই সময়ে।
তবে আন্তর্জাতিক আর্চারি ফেডারেশন বিষয়টা নিয়ে সংবাদমাধ্যমে কোনো মন্তব্য না করতে বলেছে বাংলাদেশ আর্চারি ফেডারেশনকে। তাই রোমানের নিষেধাজ্ঞা মুক্তির ব্যাপারে আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনও দেয়নি আর্চারি ফেডারেশন।
আর্চারিতে বাংলাদেশের সবচেয়ে বড় দুটি বৈশ্বিক সাফল্যের সঙ্গে জুড়ে আছে রোমানের নাম। ২০১৯ সালের ১৬ জুন নেদারল্যান্ডসে বিশ্ব চ্যাম্পিয়নশিপে রিকার্ভ ব্যক্তিগত বিভাগে ব্রোঞ্জ জিতে টোকিও অলিম্পিকে টিকিট পেয়েছিলেন তিনি। বিশ্ব আর্চারিতে এখন পর্যন্ত এটিই বাংলাদেশের একমাত্র পদক। পরে ২০২১ সালের ২৩ মে সুইজারল্যান্ডে বিশ্বকাপ আর্চারিতে দিয়া সিদ্দিকীর সঙ্গে জুটি বেঁধে রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে রুপা জিতে ইতিহাস গড়েন রোমান।