মাগুরায় অস্ত্রধারী সেই শাহিন খান গ্রেপ্তার

মাগুরায় স্বেচ্ছাসেবক দল ও ছাত্রলীগের সংঘর্ষের সময় আগ্নেয়াস্ত্র প্রদর্শনকারী সেই সাবেক ছাত্রলীগ নেতা শাহিন খানকে (২৫) গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে সদর উপজেলার আলোকদিয়া নবগঙ্গা নদীর ওপর ব্রিজ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল রবিবার তাকে মাগুরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিট্রেট আদালতে হাজির করা হলে জামিন না মঞ্জুুর করে কারাগারে পাঠানো হয়।

শাহীনের বাড়ি শহরের স্টেডিয়াম পাড়ায়। তিনি ওই সংঘর্ষে আহত জেলা ছাত্রলীগের সহসভাপতি বারিউর রহমান রিয়াদের দায়ের করা মামলার অন্যতম আসামি।

৬ সেপ্টেম্বর দুপুরে শহরের চৌরঙ্গী মোড়ে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষে আগ্নেয়াস্ত্র হাতে থাকা শাহিন নামের ওই যুবকের ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর থেকে তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছিল।

মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সেকেন্দার আলী জানান, প্রদর্শিত অস্ত্রটি উদ্ধারের চেষ্টা চলছে। শাহিনকে পুলিশ হেফাজতে এনে জিজ্ঞাসাবাদের জন্য সোমবার (আজ) আদালতে আবেদন করা হবে।

জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আশরাফুজ্জামান শামীমের দাবি, জেলা ছাত্রলীগের সহসভাপতি বারিউল রহমান রিয়াদ বাদী হয়ে বিএনপির ও অঙ্গসংগঠনের ১০৫ জন নেতাকর্মীর নামে বিস্ফোরক আইনে মামলা করেছে। সেই মামলায় শাহিনকে ৯০ নম্বর আসামি করে বিষয়টি ভিন্ন খাতে নেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। জেলা ছাত্রলীগের সভাপতি নাহিদ খান বলেন, ‘শুনেছি একসময় শাহিন আদর্শ কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিল। তাকে আমাদের দলীয় আর কোনো রাজনৈতিক কর্মকান্ডে দেখা যায়নি। উদ্দেশ্যপ্রণোদিতভাবে সে আগ্নেয়াস্ত্র নিয়ে মিছিলে অংশ নিয়েছিল। এটি বিএনপি ও অঙ্গসংগঠনের একটি পূর্বপরিকল্পিত ষড়যন্ত্র।’