চট্টগ্রাম নগরীতে ছুরি মেরে যুবলীগ কর্মীকে হত্যা

চট্টগ্রাম নগরে ছুরিকাঘাতে এক যুবলীগ কর্মীকে হত্যা করা হয়েছে। মারামারি মামলার এই বাদীকে এক আসামি হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল রবিবার পাহাড়তলী থানাধীন সরাইপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মোহাম্মদ হোসেন (৪৫)। তিনি সরাইপাড়ার আব্দুস সালাম দফাদার বাড়ির মৃত নুরু মিয়ার ছেলে। তিনি স্থানীয় যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত। তবে কোন পদে আছেন সে বিষয়ে কিছু জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে পাহাড়তলী থানার ওসি জহির উদ্দিন গতকাল রবিবার সন্ধ্যায় জানান, প্রাথমিক তদন্তে হোসেনকে ছুরিকাঘাতকারী যুবকের পরিচয় পাওয়া গেছে। তার নাম জসিম উদ্দিন। তিনি সরাইপাড়ার বাসিন্দা। মাসখানেক আগে তার বিরুদ্ধে আদালতে মারামারির একটি পিটিশন করেছিলেন ভিকটিম মো. হোসেন। ওই বিষয়টি নিয়ে গতকাল দুপুরে দুজনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে হোসেনকে উপর্যুপরি ছুরিকাঘাত করেন জসিম। গুরুতর আহত অবস্থায় হোসেনকে স্থানীয় লোকজন উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত জসিম পলাতক। তাকে গ্রেপ্তার করতে অভিযান চলছে।