রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে দুদকের অভিযান

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (রামেবি) বিভিন্ন সময় দেওয়া নিয়োগের অনিয়ম খুঁজতে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত দুদকের একটি দল এই বিশ^বিদ্যালয়ে অভিযান চালায়। এতে নেতৃত্ব দেন দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসাইন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়টির শীর্ষ পদগুলোতে প্রেষণে বারবার একই কর্মকর্তাদের নিয়োগ, কর্মকর্তাদের আত্মীয়-স্বজনদের চাকরি দেওয়ার বিষয় খতিয়ে দেখছে দুদক।

এসব বিষয়ে জানতে রবিবার দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল রামেবির অস্থায়ী কার্যালয়ে অভিযান চালিয়েছে। দুদক কর্মকর্তারা রামেবির রেজিস্ট্রার আনোয়ারুল কাদেরের সঙ্গে কথা বলেন এবং তার দপ্তর থেকে বিভিন্ন নথিপত্র নিয়ে যান। সহকারী পরিচালক আমির হোসাইন বলেন, নিয়োগসংক্রান্ত বেশকিছু অভিযোগে আমরা এসেছিলাম। সংশ্লিষ্ট বিভিন্ন কাগজপত্র নেওয়া হয়েছে। এগুলো পর্যালোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।