চার পেসার নিয়ে ভারতের বিপক্ষে খেলতে নেমেছিল পাকিস্তান। কিন্তু আজ রিজার্ভ ডের খেলায় হারিস রউফকে পাচ্ছে না তারা।
সাইড স্ট্রেইনের চোটে এই ডানহাতি পেসার আজ আর বল করতে পারবেন না। অর্থাৎ একজন বোলার কম নিয়ে খেলতে হবে পাকিস্তানকে।
হরিস রউফ গতকাল ৫ ওভার বল করে ২৭ রান খরচায় কোনো উইকেট পাননি।
রউফের চোটের বিষয়ে এক বিবৃতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বলেছে, অস্বস্তি অনুভব করায় পরবর্তীতে সতর্কতামূলকভাবে তাকে একটি এমআরআই করার জন্য হাসপাতালে নেওয়া হয়েছিল। তবে পেশিতে কোনো চিড় দেখা যায়নি। তিনি দলের মেডিকেল প্যানেলের পর্যবেক্ষণে রয়েছেন।
গতকাল টস হেরে ব্যাট করতে নামা ভারত ২৪.১ ওভারে ২ উইকেটে ১৪৭ রান করার পর বৃষ্টি হানা দিয়েছিল। পরে আর খেলা শুরু করা সম্ভব হয়নি। আজ রিজার্ভ ডে-তেও নির্ধারিত সময়ের বেশ খানিকটা সময় পর খেলা শুরু হয়েছে। কাল যেখানে শেষ করেছি ভারত, সেখান থেকেই শুরু হয়েছে খেলা।