পোল্যান্ডের নির্বাচনী প্রচারণায় জার্মানবিরোধী বিজ্ঞাপন

পোল্যান্ডের ক্ষমতাসীন দল তাদের নির্বাচনী প্রচারণার জন্য একটি রসিকতাপূর্ণ বিজ্ঞাপন তৈরি করেছে। এতে দেখা যাচ্ছে, অবসরের বয়স বাড়াতে ওয়ারশকে নির্দেশ দেওয়ার চেষ্টা করছে জার্মান দূতাবাস। এর মাধ্যমে পোল্যান্ডে আগামী মাসে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে বিদেশি শক্তির প্রভাবের বিষয়টি উঠে এসেছে।

জানা গেছে, ক্ষমতাসীন ল অ্যান্ড জাস্টিস পার্টি (পিআইএস) সংসদে তৃতীয়বারের মতো জয় লাভ করতে জার্মান বিরোধী মনোভাবকে কাজে লাগাচ্ছে। পোল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী এবং প্রধান বিরোধীদলীয় নেতা ডোনাল্ড টুস্ককে ‘জার্মানির পুতুল’ বলে সমালোচনা করা হচ্ছে।

বিজ্ঞাপনটিতে দেখানো হয়, জার্মান দূতাবাস থেকে এক কর্মকর্তা পিআইএস নেতা ইয়ারোস্লাভ কাচিনস্কিকে ফোন দিয়ে পোল্যান্ডের অবসরের সময়সীমা সাবেক প্রধানমন্ত্রী ডোনাল্ড টুস্কের সময়কার মতো বহাল রাখার কথা বলছেন। জবাবে কাচিনস্কি বলেন, এটি পোল্যান্ডের জনগণের নিজস্ব ব্যাপার, যা তারা গণভোটের মাধ্যমে সিদ্ধান্ত নেবেন।

অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের ব্যাপারে হুঁশিয়ার করে জার্মান দূতাবাসের ওই কর্মকর্তাকে বলা হয়, টুস্ক এখন ক্ষমতায় নেই এবং এই ধরনের অন্যায় হস্তক্ষেপের আর সুযোগ নেই।

সাবেক প্রধানমন্ত্রী ডোনাল্ড টুস্ক অবসরের সময়সীমা পুরুষদের জন্য ৬৫ থেকে ৬৭ বছর এবং নারীদের জন্য ৬০ বছর নির্ধারণ করেছিলেন। ল অ্যান্ড জাস্টিস পার্টি ক্ষমতায় গিয়ে তা আবার আগের জায়গায় নিয়ে যায়।

সূত্র: রয়টার্স, ডয়চে ভেলে

আরও পড়ুন: পাক সীমান্তে অবৈধ স্থাপনা তৈরি করছে আফগানিস্তান