জান্তার অভিযোগ

নাইজারে হস্তক্ষেপ করতে সেনা মোতায়েন করেছে ফ্রান্স

আঞ্চলিক জোট ইকোওয়াসের সঙ্গে সম্ভাব্য সামরিক হস্তক্ষেপের প্রস্তুতির অংশ হিসাবে পশ্চিম আফ্রিকার বেশ কয়েকটি দেশে ফ্রান্স সৈন্য মোতায়েন করেছে বলে অভিযোগ করেছে নাইজারের জান্তা। গত রবিবার রাতে রাষ্ট্রীয় টেলিভিশনে পঠিত এক বিবৃতিতে জান্তা আবারও তাদের ভূখণ্ড থেকে ফরাসি সৈন্যদের অবিলম্বে প্রত্যাহার করার জন্য আহ্বান জানিয়েছে।

গত ২৬ জুলাই প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে ক্ষমতাচ্যুত করার পর থেকে দেশটির সঙ্গে এক সময়ের মিত্রদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছে।

বিবৃতিতে ফ্রান্সের এই আক্রমনাত্মক, গোপনীয় এবং অবজ্ঞাপূর্ণ মনোভাবের পরিণতি প্রত্যক্ষ করার জন্য জাতীয় ও আন্তর্জাতিক মতামতের প্রতি আবেদন জানানো হয়েছে।

প্যারিস জান্তাকে অবৈধ ঘোষণা করার পর থেকে নাইজার এবং এর সাবেক উপনিবেশকারী ফ্রান্সের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। জান্তা নিয়ে সর্বশেষ মন্তব্য সম্পর্কে জানতে চাইলে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ বলেন, আমরা অভ্যুত্থানকারীদের বক্তব্যের কোনও বৈধতা স্বীকার করি না।

নাইজারে মোতায়েন করা প্রায় দেড় হাজার ফরাসি সৈন্যের বিষয়ে মাখোঁ বলেছেন, তাদের মোতায়েনের বিষয়ে যে কোনও সিদ্ধান্ত শুধুমাত্র বাজুমের সঙ্গে সমন্বয় করেই নেওয়া হবে।

ভারতে জি-২০ নেতাদের দুই দিনের শীর্ষ সম্মেলনের সমাপ্তিতে এক সংবাদ সম্মেলনে মাখোঁ বলেছেন, যদি আমরা কখনও পুনরায় সেনা মোতায়েন করিও শুধুমাত্র প্রেসিডেন্ট বাজুমের অনুরোধেই তা করব। তবে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য শেষ পদক্ষেপ হিসেবে বল প্রয়োগের আঞ্চলিক প্রস্তাবের অংশ হিসেবে ফ্রান্স পশ্চিম আফ্রিকার অন্যত্র সেনা মোতায়েন করছে- এমন অভিযোগের বিষয়ে তিনি সরাসরি কোনও উত্তর দেননি।

সূত্র: ভয়েজ অব আমেরিকা, রয়টার্স

আরও পড়ুন: মরক্কোয় ভূমিকম্পে নিহত বেড়ে আড়াই হাজার