ভোগ বিজনেস ১০০ উদ্ভাবকের তালিকায় দুই বাংলাদেশি

বিশ্বখ্যাত সাময়িকী ভোগ বিশ্বের সেরা ১০০ উদ্ভাবনী উদ্যোগের একটি তালিকা প্রকাশ করেছে। গতকাল সোমবার ‘ভোগ বিজনেস ইনোভেটরস : ক্লাস অব ২০২৩’ শিরোনামে প্রকাশিত এই তালিকায় রয়েছেন বাংলাদেশের মুস্তাফিজ উদ্দিন ও তৌহিদা শিরোপা।

মানসিক স্বাস্থ্যসেবাদাতা প্রতিষ্ঠান ‘মনের বন্ধু’র প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তৌহিদা শিরোপা এবং বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মুস্তাফিজ উদ্দিন সাসটেইনেবিলিটি থট লিডারস শ্রেণিতে ১০০ উদ্ভাবকের এই তালিকায় স্থান করে নিয়েছেন।

পৃথিবীর বিভিন্ন দেশে কাজ করা উদ্ভাবনী উদ্যোক্তাদের মধ্য থেকে ভোগ সাময়িকীর পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রকাশিত সংস্করণগুলোর সম্পাদকরা মিলে প্রতিবছর এই তালিকা করে থাকেন। ভোগের ব্যবসা-বাণিজ্য বিভাগের সম্পাদকীয় কর্মীরা প্রাথমিক বাছাই করে থাকেন। এ বছর পাঁচটি শ্রেণিতে ১০০ উদ্ভাবককে নির্বাচিত করা হয়েছে। শ্রেণিগুলো হলে প্রযুক্তি ও ওয়েবথ্রি ইনোভেটরস, সাসটেইনেবিলিটি থট লিডারস, পরবর্তী প্রজন্মের উদ্যোক্তা ও অধিকারকর্মী, বিউটি ডিসরাপটরস এবং পরিবর্তনের চ্যাম্পিয়ন।

তৌহিদা শিরোপার কাজ সম্পর্কে ভোগের প্রতিবেদনে বলা হয়েছে, তার প্রতিষ্ঠা করা ‘মনের বন্ধু’ তৈরি পোশাক কারখানার শ্রমিকদের স্বল্প খরচের মানসিক স্বাস্থ্যসেবা দিয়ে থাকে। পাশাপাশি নারী ও বাংলাদেশের তরুণ প্রজন্মের জন্যও মানসিক স্বাস্থ্যসেবা দেয়। আর এই সেবা দেওয়া হয় কাউন্সেলিং ও কর্মশালার মাধ্যমে। ২০১৬ সালে শুরু করে প্রতিষ্ঠানটি এখন পর্যন্ত ২ লাখ ১০ হাজার মানুষকে দলভিত্তিক সেবা দিয়েছে। আগামীতে বিশ্বের বিভিন্ন প্রান্তের দুই কোটি পোশাকশ্রমিককে মানসিক স্বাস্থ্যসেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।

অন্যদিকে মুস্তাফিজ উদ্দিন রপ্তানিমুখী তৈরি পোশাকশিল্পে টেকসই ফ্যাশন নিয়ে দীর্ঘদিন ধরে কার্যকর ভূমিকা রেখে যাচ্ছেন। ভোগ বিজনেসের প্রতিবেদনে তার সম্পর্কে বলা হয়েছে, করোনা মহামারীর সময় যখন সরবরাহকারীদের একের পর এক অর্ডার বাতিল হয়ে যাচ্ছিল, তখন তাদের পাশে দাঁড়িয়েছিলেন মুস্তাফিজ উদ্দিন। তিনি সরবরাহকারীদের জানিয়েছিলেন, কী ঘটছে আর কী হতে পারে। মুস্তাফিজ দীর্ঘদিন ধরে গণমাধ্যমে মতামত, নিবন্ধ লিখে তৈরি পোশাকশিল্পের পক্ষে সচেতনতা গড়ে তোলার কাজ করে যাচ্ছেন।