‘দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোই ছিল বঙ্গবন্ধুর স্বপ্ন’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকার দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি ও সাবেক সিনিয়র সচিব মো. শহীদ উল্লা খন্দকার বলেছেন, একটি দেশ বা জাতির উন্নয়ন নির্ভর করে একজন যোগ্য নেতার ওপর। আমরা একজন যোগ্য নেতা পেয়েছিলাম বলেই এই দেশ স্বাধীন হয়েছে। সেই যোগ্য নেতা হচ্ছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যার সারা জীবনের স্বপ্ন ও সংগ্রাম ছিল দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো।

গতকাল সোমবার উপজেলার রাধাগঞ্জ ইউনিয়ন পরিষদ চত্বরে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও বীর মুক্তিযোদ্ধাদের নাম ফলকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে ইউনিয়ন পরিষদ ভবনে অনুষ্ঠিত আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।

এর আগে মো. শহীদ উল্লা খন্দকার উপজেলা বাপার্ডে ওয়ার্ল্ড ভিশন আয়োজিত শিশু ও কমিউনিটির উন্নয়নে অংশীদারিত্বের ধন্যবাদ ও কৃতজ্ঞতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সদ্যপ্রয়াত এস এম হুমায়ুন কবিরের কবর জিয়ারত করেন।

অনুষ্ঠানে বাপার্ডের মহাপরিচালক মোহা. বোরহানুল হক, উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ন্যাশনাল ডাইরেক্টর সুরেশ বার্টলেট, সিনিয়র অপারেশন ডাইরেক্টর চন্দন জেড গমেজ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা, সাবেক পৌর মেয়র এইচ এম অহিদুল ইসলাম প্রমুখ।