কৃষ্ণ সাগরে গ্যাস, তেল প্ল্যাটফর্ম পুনরুদ্ধারের দাবি ইউক্রেনের

ইউক্রেনের সেনাবাহিনীর পাল্টা অভিযানে কৃষ্ণ সাগরের অফশোর প্ল্যাটফর্মগুলি অর্থাৎ তেল, গ্যাসক্ষেত্রগুলো পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক গোয়েন্দারা।

মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় বার্তাসংস্থা আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, ক্রিমিয়ার কাছাকাছি কৃষ্ণ সাগরে রাশিয়ার অধিকৃত বেশ কয়েকটি কৌশলগত গ্যাস এবং তেল ড্রিলিং প্ল্যাটফর্ম পুনরুদ্ধার করা হয়েছে, যা মস্কো ২০১৫ সাল থেকে থেকে দখল করেছিল বলে জানায় ইউক্রেনের সামরিক বাহিনী।

ইউক্রেনের সামরিক গোয়েন্দা গুর(GUR) টেলিগ্রাম ম্যাসেজিং অ্যাপে জানায়, ক্রিমিয়ায় বয়কো টাওয়ারের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করা হয়েছে।

সংস্থাটি জানায়, "ইউক্রেনের জন্য, বয়কো টাওয়ারের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার কৌশলগত গুরুত্ব এবং ফলস্বরূপ। এতে বুঝা যায় যে রাশিয়া তাদের সামরিক উদ্দেশ্যে ব্যবহার করার ক্ষমতা হারিয়েছে।"

এ ছাড়া রাশিয়া কৃষ্ণ সাগর নিয়ন্ত্রণ করার ক্ষমতা সম্পূর্ণরূপে হারিয়েছে এবং এটি ইউক্রেনকে ক্রিমিয়া পুনরুদ্ধারের অনেক ধাপ কাছাকাছি করে দিয়েছে বলেও জানায় ইউক্রেনের সামরিক গোয়েন্দা।

এদিকে ইউক্রেনের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আন্তন গেরাশচেঙ্কো মঙ্গলবার জানান যে, বয়কো টাওয়ারের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করা ইউক্রেনের জন্য গুরুত্বপূর্ণ ছিল। কারণ এসব অবকাঠামোর মাধ্যমে রাশিয়ান বাহিনী কৃষ্ণ সাগরে সব ধরণের পর্যবেক্ষণ, নিয়ন্ত্রণ এবং নজরদারি করে থাকত।

এ ছাড়া ড্রিলিংয়ের পাশাপাশি এ ধরণের অবকাঠামোগুলো হেলিকপ্টার অবতরণ করতে, স্থাপনার ঘাঁটি হিসাবে এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থার অবস্থানের জন্য ব্যবহার করা হত।

তবে ইউক্রেনের এ দাবির বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে মন্ত্রণালয় আগে জানিয়েছিল যে সাম্প্রতিক দিনগুলিতে এই অঞ্চলে বেশ কয়েকটি ইউক্রেনীয় স্পিডবোট ধ্বংস করেছে রাশিয়ান যুদ্ধবিমান।