বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার আরেকটি বিশ্বকাপ অভিযাত্রার শুরুটা হয়েছে ইকুয়েডরের বিপক্ষে লিওনেল মেসির গোলে জয় দিয়ে। আজ দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে আলবিসেলেস্তেরা। এজন্য সমুদ্রপৃষ্ঠ থেকে ৩ হাজার ৬৫০ মিটার ওপরের শহর লাপাজে গেছে তারা।
বাংলাদেশ সময় রাত ২টায় এখানকার মাঠেই আর্জেন্টিনা-বলিভিয়া ম্যাচ। পৃথিবীর ছাদ নামে খ্যাত আন্দেস পর্বতমালা বলিভিয়ায়। লাপাজে স্থানীয়দের জন্য টিকে থাকাটা অভ্যাসে পরিণত হয়েছে। তবে অন্য দেশের বাসিন্দাদের জন্য সেখানে স্বাভাবিক চলাফেরা করাও কঠিন।
লাপাজ শহরের হের্নান্দো সিলিজ স্টেডিয়ামে আর্জেন্টিনার ৬-১ গোলে হারের ইতিহাস আছে। সেটি ২০০৯ সালের এপ্রিলে। সবশেষ ২০১৭ সালের মার্চে আর্জেন্টিনা বলিভিয়ার কাছে হেরেছিল ২-০ তে। সেটিও এই মাঠেই।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, আজকের ম্যাচে বিশ্রাম দেওয়া হতে পারে লাউতারো মার্তিনেজকে। ইকুয়েডরের বিপক্ষে ম্যাচে শুরু থেকেই ছিলেন মার্তিনেজ। তবে ইন্তার মিলান তারকার জায়গায় ম্যানচেস্টার সিটির জুলিয়ান আলভারেজকে দিয়ে শুরু করতে পারেন লিওনেল স্কালোনি। ইকুয়েডরের বিপক্ষে শুরুতে ছিলেন না ডি মারিয়া। তবে আজকের ম্যাচে ডি মারিয়া থাকতে পারেন শুরু থেকেই।
লিওনেল মেসি বলিভিয়ার বিপক্ষে খেলবেন কি না তা নিয়ে ছিল শঙ্কা। কারণ আর্জেন্টাইন অধিনায়ক ক্লাব ও জাতীয় দল মিলে টানা খেলার মধ্যে আছেন। টানা ম্যাচ খেলায় অবসাদে ভুগছিলেন মেসি। ইকুয়েডরের বিপক্ষে জয়সূচক গোল করার পরপরই মাঠ থেকে উঠে যান। তবে মেসি গেছেন বলিভিয়ায়। অনুশীলনও করেছেন।
স্কালোনি যাওয়ার আগে বলেছেন, ‘কোনো সমস্যা নেই। আমরা সেরা কন্ডিশনে থেকেই ম্যাচটা খেলব। লাপাজে গিয়ে ধাতস্ত হওয়ার চেস্টা করব। এরপর দেখব কী করা যায়।’
তবে মেসিকে শুরুতে নয়, পরের অর্ধে খেলতে দেখা যেতে পারে।