সাংবাদিক পরিচয়ে ২ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ২

সাংবাদিক পরিচয়ে এক মাংস বিক্রেতার কাছ থেকে দুই লাখ টাকা চাঁদা দাবী করায় মানিকগঞ্জে দুইজনকে আটক করেছে র‍্যাব- ৪। আজ সকালে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো মানিকগঞ্জের জেলার সিংগাইর উপজেলার বিনোদপুর গ্রামের মৃত কদম আলীর ছেলে মো. হারুন অর রশিদ ও সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের কাচারিকান্দি গ্রামের হোসেন মোল্লার ছেলে বজলুর রহমান। এদের মধ্যে হারুন অর রশিদ দৈনিক গণমুক্তি, জি বাংলা টিভি, দৈনিক ক্রাইম তালাশ ও বজলুর রহমান দৈনিক খবরের আলো পত্রিকার প্রতিনিধি হিসেবে পরিচয় দিত।

র‍্যাব-৪ সিপিসি-৩ এর কমান্ডার মো. আরিফ হোসেন জানান, ভোরের দিকে আটককৃতরা জয়রা এলাকার মাংস বিক্রেতা আবুল কাশেমের দোকানে যায়। সেখানে গিয়ে তারা আবুল কাশেম অসুস্থ গরু জবাই করেছে বলে দাবি করে। এ সময় মাংস বিক্রেতা জবাইকৃত পশুর বৈধ সার্টিফিকেট আছে বলে জানালেও তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে বিষয়টি মীমাংসা করতে বলে। না হলে ভোক্তা অধিকারে অভিযোগ করে তাকে ৭ বছরের জেল খাটানোর হুমকিও দেন তারা। পরে বাসস্ট্যান্ডের অন্যান্য মাংস বিক্রেতারা তাদেরকে আটক করে র‍্যাবকে জানালে তাদের আটক করে র‍্যাব-৪ এর সদস্যরা।

তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে মাংস বিক্রেতা চাঁদাবাজি ও প্রতারণার লিখিত অভিযোগ করেছেন। আটককৃতদের সংশ্লিষ্ট থানায় পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান এই র‍্যাব কমান্ডার। আটককৃতরা দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন স্থানে সংবাদ প্রকাশের হুমকি দিয়ে চাঁদাবাজিসহ বিভিন্ন প্রতারণামূলক কার্যক্রম করে আসছিল।