একই থানায় তিন বছরের বেশি থাকতে পারবেন না এসআইরা

ভারতের পশ্চিমবঙ্গের কোনও থানা কিংবা ফাঁড়িতে যেসব সাব-ইনস্পেক্টররা (এসআই) একটানা তিন বছর চাকরি করছেন তাদের বদলির নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর (এএসআই) এবং কনস্টেবলরা দুই বছর এক জায়গায় চাকরি করলে তাদেরও বদলি করতে হবে বলে জানানো হয়েছে।

আনন্দবাজার অনলাইন জানিয়েছে, এসআইসহ নিম্নপদের পুলিশকর্মীদের বদলি সংক্রান্ত নির্দেশ জারি করেছে পশ্চিমবঙ্গ পুলিশের এডিজি (প্রশাসন)। এতে জেলার এসপি এবং সব ইউনিট প্রধানদের ওই নির্দেশ কার্যকর করে তার রিপোর্ট পাঠাতে বলা হয়েছে।

পুলিশকর্মীদের বিরুদ্ধে দীর্ঘ দিন ধরে একই থানা বা ইউনিটে থাকার অভিযোগ নতুন নয়। রাজ্য পুলিশের এক কর্মকর্তা জানান, আগে কোনও এসআই বা অধস্তন কেউ কোনও থানা, ফাঁড়ি, রিজার্ভ অফিসে দুই বা তিন বছরের বেশি থাকতে পারতেন না। জেলার এসপি কিংবা ইউনিট প্রধান নির্দিষ্ট সময়ের পর তাদের অন্যত্র বদলি করে দিতেন। কিন্তু করোনা মহামারির সময় থেকে সেই ব্যবস্থায় ছেদ পড়ে। ফলে দীর্ঘ দিন ধরেই এক জায়গাতে ছিলেন বহু পুলিশকর্মী।

যদিও পুলিশের একাংশের মতে, দীর্ঘ দিন একই জায়গায় থেকে পুলিশকর্মীরা ক্ষমতার অপব্যবহার করছিলেন। প্রশাসনের কাছে বিভিন্ন জেলা থেকে এ ধরনের অভিযোগ আসছিল। মূলত সেটা থামাতেই ওই ব্যবস্থা গ্রহণের নির্দেশ জারি করা হয়েছে।

আবার অন্য একটি অংশের মতে, আসন্ন লোকসভা নির্বাচনের আগে থানায় থানায় নিজেদের লোক রাখার জন্য প্রভাবশালীদের নির্দেশেই বদলির আদেশ জারি করা হয়েছে।