আন্তঃসার্ভিসেস সাইক্লিংয়ের পরিকল্পনা

দেশের বিভিন্ন বাহিনীর সাইক্লিস্টদের নিয়ে আগামী নভেম্বরে ঢাকায় আন্তঃসার্ভিসেস সাইক্লিং প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা করেছে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশন। দেশের সাইক্লিংয়ের বড় পৃষ্ঠপোষক বিভিন্ন বাহিনীগুলো। যে কারণে এই আসরের গুরুত্ব কম নয়। গতকাল এই আসর আয়োজনের ব্যাপারে একটি মতবিনিময় সভা হয়েছে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনে। যার সভাপতিত্ব করেন ফেডারেশনের সহসভাপতি আবদুল গাফফার। সভা শেষে ফেডারেশনের সাধারণ সম্পাদক তাহের উল আলম চৌধুরী জানান, বনানীর আর্মি স্টেডিয়ামে দিনব্যাপী এই টুর্নামেন্টে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ আনসার, বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ জেল, বাংলাদেশ রেলওয়ে ও কাস্টমসের সাইক্লিস্টরা অংশ নেবেন। ইভেন্ট সংখ্যা হবে ১০টি। সাধারণ সম্পাদক বলেন, ‘আমাদের সভাপতি কবির বিন আনোয়ারের অনুমতিক্রমে আমরা ১১ নভেম্বর আন্তঃসার্ভিসেস সাইক্লিং প্রতিযোগিতা আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছি।’