ইউরো বাছাই পর্বে সাইপ্রাসকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করল স্পেন। তুলে নিল ৬-০ গোলের দাপুটে জয়।
মঙ্গলবার রাতে ‘এ’ গ্রুপের ম্যাচটিতে স্পেনের শুরুর একাদশে খেলতে নেমেছিলেন লামিনে ইয়ামাল। স্পেনের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে একাদশে থাকার রেকর্ড গড়েছেন এই ১৬ বছর বয়সী এই কিশোর।
যদিও ইয়ামাল এদিন গোল করতে পাননি। তবে জোড়া গোল করেছেন ফেরান তোরেস। একটি করে গোল করেছেন গাভি, মিকেল মিরেনো, হোসেলো ও অ্যালেক্স বায়েনা। তাতেই উড়ে গেছে সাইপ্রাস।
গ্রানাদায় ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষকে রীতিমতো কোণঠাসা করে রেখেছিল স্পেন। ছোট ছোট পাসে নিজেদের আক্রমণ তৈরি করছিল। প্রথমার্ধে দলটা দুই গোল আদায় করে। দ্বিতীয়ার্ধে করে আরও চার গোল।
এই জয়ের ফলে ‘এ’ গ্রুপে ৪ ম্যাচে ৩ জয়ে ৯ পয়েন্ট নিয়ে দুই নম্বরে থাকল স্পেন। ৫ ম্যাচে ৫ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে স্কটল্যান্ড আছে শীর্ষে।
এদিকে ‘এফ’ গ্রুপের ম্যাচে এস্তোনিয়াকে ৫-০ গোলে হারিয়েছে বেলজিয়াম। জোড়া গোল করেছেন রোমেলু লুকাকু। একটি করে গোল করেছেন ইয়ান ভার্টোনেগেন, চার্লস ডে কেতেলারে ও লিওনার্দো ট্রোসার্ড। পাঁচ ম্যাচের চারটিতেই জিতে ১৩ পয়েন্ট গ্রুপে শীর্ষে বেলজিয়াম।