প্রশ্নফাঁসে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন আইডিয়াল স্কুলের গভর্নিং বডির সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য এবং সমাজ বিজ্ঞান বিষয়ের শিক্ষক মাকসুদা আক্তার মালা। এ ঘটনায় তাকে স্কুল থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার প্রতিষ্ঠানটির রুটিন দায়িত্বে থাকা অধ্যক্ষ মিজানুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে তাকে সাময়িক বরখাস্তের কথা বলা হয়েছে।
এর আগে, গত শনিবার রাতে (৯ সেপ্টেম্বর) পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) রাজধানীর সিদ্ধেশ্বরীর বাসা থেকে তাকে আটক করে। একইসঙ্গে তার মেয়েকেও আটক করা হয়েছিল, পরে তাকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালত শিক্ষক মাকসুদা আক্তার মালাকে কারাগারে পাঠান।
সাময়িক বরখাস্তের চিঠিতে জানানো হয়েছে, মাকসুদা আক্তারের বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা রয়েছে। পাবলিক পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগের প্রেক্ষিতে ডিজিটাল নিরাপত্তা আইনে মিরপুর মডেল থানায় মামলাটি রয়েছে।
চাকরিতে নিয়োগের শর্তাবলী ভঙ্গের কারণে মঙ্গলবার থেকে সাময়িক বরখাস্ত কার্যকরের কথা বলা হয় চিঠিতে।