তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, 'সাইবার নিরাপত্তা আইনে মাত্র ৪টি ধারাকে অজামিন যোগ্য করা হয়েছে। হ্যাকিং, সাইবার ও রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকি যেসব বিষয়ে রয়েছে সেই ধারাগুলোকে অজামিন যোগ্য করা হয়েছে। এ ছাড়া, অন্যান্য ধারাগুলো জামিন যোগ্য করা হয়েছে।'
আজ বুধবার (১৩ সেপ্টেম্বর) সকালে হবিগঞ্জে শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, 'স্থায়ী কমিটির বৈঠকে সাংবাদিক বন্ধু ও আইনমন্ত্রীকে ডেকেছিলাম। আলোচনার পরিপ্রেক্ষিতে কেউ যদি মিথ্যা মামলা করেন হয়রানির উদ্দেশ্যে, তা যদি প্রমাণিত হয়, তাহলে বাদীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার সুযোগ আনা হয়েছে। এখানে স্বাধীন মত প্রকাশের কোনো বাধা থাকবে না, মনস্তাত্ত্বিক কোনো চাপ থাকবে না।'