কোরিয়ায় এশিয়া ডান্স কমিটির অনুষ্ঠানে সাধনা

বাংলাদেশের নাচকে বিশ্ব মঞ্চে তুলে ধরতে যাদের অবদান সবচেয়ে বেশি তাদের মধ্যে অন্যতম লুবনা মারিয়াম। আরও একবার দেশের নাচকে তার দল ‘সাধনা’র শিল্পীরা তুলে ধরবেন ‘২০২৩ এশিয়া ডান্স কমিটির মিটিং’ পরবর্তী অনুষ্ঠানে। এই সম্মানজনক ইভেন্টে অনুষ্ঠিত হবে দক্ষিণ কোরিয়ার এশিয়া কালচার সেন্টারে আগামী ১৮ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। লুবনা মারিয়াম দেশ রূপান্তরকে বলেন, ‘এটি ওয়ার্ল্ড ড্যান্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ ও সম্মানজনক আয়োজন। কর্তৃপক্ষ আমাকে ও আমার দলকে এখানে আমন্ত্রণ জানানোতে খুবই আনন্দিত ও গর্বিত বোধ করছি। এই ইভেন্টে থাকবে মুখোশ নৃত্য, ট্রান্সফরমেশন এবং কমিউনিকেশন বিষয়ক একটি সিম্পোজিয়াম, ২০২৩ এশিয়া ডান্স কমিটির মিটিং এবং এশিয়ান স্ক্রিন ড্যান্স উইক (এশিয়ার নৃত্যের শহর)। এরপরে রয়েছে এশিয়া সংস্কৃতি সপ্তাহ। ইভেন্টগুলো হবে কোরিয়া প্রজাতন্ত্রের গুয়াংজু মেট্রোপলিটন শহরে।’

জানা গেছে, সাধনার প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন লুবনা মারিয়াম নিজেই। এছাড়া অংশগ্রহণ করবেন শাব্বির আহমেদ খান বিজু, আবু নঈম, মো. হানিফ, আনন্দিতা খান, মুবাশ্বিরা কামাল এবং আরিয়ানা প্রীতি। ‘সাধনা’ উপস্থাপন করবে কালিকাচ (কালীর মুখোশধারী নৃত্য) ও ‘ফায়ারফ্লাইস (রবীন্দ্রনাথ ঠাকুরের ইংরেজি হাইকুর ওপর ভিত্তি করে একটি প্রযোজনা)। লুবনা মারিয়াম ‘কালিকাচ’ নিয়ে একটি প্রবন্ধ উপস্থাপন করবেন। দিনব্যাপী ‘২০২৩ এশিয়া নৃত্য কমিটি’র সভায় সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির কর্মকর্তারাও উপস্থিত থাকবেন।