বিএনপিপন্থি ৬৬ আইনজীবীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। বিএনপিপন্থি আইনজীবীদের পদযাত্রা থেকে পুলিশের ওপর হামলার অভিযোগে গত মঙ্গলবার রাতে রাজধানীর কোতোয়ালি থানায় এ মামলা হয়। গতকাল বুধবার কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর রহমান বিষয়টি জানান। পুলিশের করা এ মামলার এজাহারে বলা হয়েছে, গত মঙ্গলবার দুপুর ১২টা ১৫ মিনিটে ঢাকা আইনজীবী সমিতি ভবনের নিচে ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্ট নামে ব্যানার এবং সরকারবিরোধী বিভিন্ন ফেস্টুন, প্ল্যাকার্ড হাতে নিয়ে উল্লেখিত আসান্ডিমরাসহ অজ্ঞাতনামা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের সমর্থিত আরও অনেক আইনজীবী তাদের নির্ধারিত কর্মসূচি পদযাত্রা সফল করার লক্ষ্যে জড়ো হয়ে সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকেন। আইনজীবীরা মিছিল নিয়ে ঢাকা আইনজীবী সমিতি ভবন থেকে জনসন রোডের ওপর চলে আসেন। তখন কোতোয়ালি থানার পুলিশ মিছিলকারী আইনজীবীদের রাস্তা অবরোধ না করার জন্য বারবার অনুরোধ করেন। কিন্তু আইনজীবীরা পুলিশের কোনো অনুরোধের তোয়াক্কা না করে পুলিশের কর্তব্যকাজে বাধা দেন, রাস্তায় যান চলাচল বন্ধ করে দেন, ত্রাস সৃষ্টি করেন। এ ঘটনায় মিছিলকারী আইনজীবীদের নিক্ষিপ্ত ইটপাটকেল ও প্ল্যাকার্ডের লাঠির আঘাতে পুলিশের অনেকে আহত হন।