শট সার্কিট থেকে লেগেছে আগুন

রাজধানীর মোহাম্মাদপুরের কৃষি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে। বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।

আগুনের কারণ সম্পর্কে একইরকম তথ্য দিয়েছেন মার্কেটের নাইটগার্ড মো. দিলশাদ। তিনি বলেন, কৃষি মার্কেটের প্রধান সড়কের পাশের বেকারি পণ্যের দোকান হক স্টোর থেকে প্রথম ধোঁয়া বের হতে দেখা যায়। রাত তখন আনুমানিক সাড়ে ৩টা। দ্রুত তারা বিদ্যুতের প্রধান লাইনটি বন্ধ করে দেন। এরপর নিজেরা আগুন নেভানোর চেষ্টা করতে থাকেন। সঙ্গে ফায়ার সার্ভিসকেও খবর দেন। অন্তত ২০ থেকে ২৫ মিনিট পর ফায়ার সার্ভিসের প্রথম গাড়ি আসে ঘটনাস্থলে।

মোহাম্মদপুরের প্রধান এই কাঁচা বাজারটিতে বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে ৬০০টি। যার মধ্যে কাপড়ের দোকান, মুদি পণ্যের দোকান, জুতা, জুয়েলারি, বেকারি, প্লাস্টিক পণ্যসহ বিভিন্ন ধরনের দোকান রয়েছে। এর বাইরে সবজি বাজার, মাছ ও মাংসের বাজার রয়েছে। সবজি, মাছ ও মাংসের বাজার আগুন থেকে রক্ষা পেলেও বন্ধ রয়েছে।

নিরাপত্তা প্রহরী মো. দিলশাদ জানান, ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছার আগেই ভেতরে আগুন ছড়িয়ে পড়ে। হক স্টোরটিও বন্ধ ছিল। বিদ্যুতের শট সার্কিট থেকে আগুন লেগেছে বলে তার ধারণা।

প্লাস্টিক ও মুদি দোকানগুলোতে তেলসহ বিভিন্ন পণ্যের কারণে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এতে কোটি কোটি টাকার পণ্য পুড়ে ছাই হয়ে গেছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।