রাজধানীতে আগুন লাগলে মেলে না পানি

রাজধানীর কোথাও আগুন লাগলে সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়ায় আগুন নেভাতে পর্যাপ্ত পানির সংকট। একই কারণে মোহাম্মাদপুরের কৃষি মার্কেটে লাগা আগুন নেভাতে বেগ পেতে হয়েছে ফায়ার সার্ভিসকে। আর এই সময়ে পুড়ে গেছে মার্কেটটির চার ভাগের তিন ভাগ। নিঃস্ব হয়ে গেছে মার্কেটের বহু ব্যবসায়ী।

বুধবার দিবাগত রাত পৌনে চারটার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সেখানে পৌঁছে প্রথম বিপত্তির মুখে পড়ে ফায়ার সার্ভিস। মার্কেটের সবগুলো গেট ছিল বন্ধ।

ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা বলেন, অগ্নিনির্বাপন কার্যক্রম চালাতে মার্কেটের ভেতরে প্রবেশ করতে বেগ পোহাতে হয়েছে। মার্কেট তালাবদ্ধ ছিল, তাই তালা ভেঙে ভেতরে প্রবেশ করতে হয়েছে। আর নৈশপ্রহরী বাহিরে ছিল। এছাড়া ‘গদাগদি’ অবস্থায় ছিল মালামাল।

অন্যদিকে আগুন লাগার পর থেকে ব্যবসায়ীদের অভিযোগ, ফায়ার সার্ভিসের পানির স্বল্পতা ছিল। যে কারণে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। একই দৃশ্য দেখা গেছে রাজধানীর বঙ্গ মার্কেটে আগুন লাগলে। সেখানেও পানির সল্পতায় বেগ পেতে হয়েছে ফায়ার সার্ভিসকে। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলের পুকুর থেকে পানি এনে আগুন নেভানো হয়। তবে অনেক দূর থেকে পানি আনায় পানির চাপ অনেক কম ছিল তাই ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েছে বহুগুন।

রাজধানীর কৃষি মার্কেটে আগুন লাগার পর একইভাবে পানি সংকটে পড়ে ফায়ার সার্ভিস। পরে আশেপাশের বাড়ি থেকে পানি এনে আগুন নেভানোর চেষ্টা করেন স্থানীয়রা।