বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে শ্রীলঙ্কা-পাকিস্তান ম্যাচের টস হতে পারেনি।
কলম্বোয় বাংলাদেশ সময় বেলা ৩টায় টস হওয়ার কথা ছিল। খেলা মাঠে গড়ানোর কথা ছিল ৩টা ৩০ মিনিটে। কিন্তু এখন পর্যন্ত কোনোটাই আলোর মুখ দেখেনি।
বৃষ্টি এই আসি, এই যাই করছিল। মাঠ কর্মীরা উইকেট সুরক্ষায় ব্যস্ত সময় পারছিলেন। এখন অবশ্য টানা বর্ষণ চলছে।
আজকের ম্যাচটা এক অর্থে ‘সেমিফাইনাল’। যে দল জিতবে, সেই দলই ফাইনালে ভারতের সঙ্গী হবে। সুপার ফোরে ভারত টানা দুই জয়ে ফাইনাল নিশ্চিত করেছে। সেটাও এক ম্যাচ হাতে থাকতে।
আজকের ম্যাচটি শেষপর্যন্ত যদি না হয়, ভেসে যায় বৃষ্টিতে, তাহলে দুদল পাবে এক পয়েন্ট। তখন দুদলেরই পয়েন্ট হবে সমান ৩। তবে নেট রানরেটে এগিয়ে থাকায় শ্রীলঙ্কা উঠে যাবে ফাইনালে। আয়োজক হয়ে পাকিস্তান বিদায় নেবে।