মোটরসাইকেল দুর্ঘটনায় এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

টাঙ্গাইলের সখীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় মুনিয়া মুক্তি (২২) নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

গতকাল বুধবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার সময় বাসাইল উপজেলার বাসুলিয়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মুনিয়া উপজেলার গজারিয়া গ্রামের মজিবুর রহমানের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, মুনিয়া মুক্তি টাঙ্গাইলের করটিয়া সরকারি সা’দত বিশ্ববিদ্যালয় কলেজে রসায়ন বিভাগের অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি বাড়ি থেকে সন্ধ্যায় মোটরসাইকেল যোগে বিশ্ববিদ্যালয় হলে যাওয়ার পথে বাসুলিয়া নামক এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি দ্রুতগামী মোটরসাইকেল ধাক্কা দিলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন ।

পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয় । সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। অ্যাম্বুলেন্স যোগে ঢাকা নিয়ে আসার পথে রাত ১১টার সময় মির্জাপুরের গোড়াই নামক স্থানে পৌঁছালে তার মৃত্যু হয়।

তার অকাল এ মৃত্যুতে পরিবারের শোকের মাতম চলছে। বন্ধু মহল ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।