বদলির ৩ মাস পরও কর্মস্থল ছাড়েননি পেকুয়া ভূমি অফিসের সার্ভেয়ার!

অনিয়ম ও দুর্নীতির কারণে কক্সবাজার জেলার পেকুয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মো. সাজ্জাদ হোসেনের বদলি হলেও আদেশের তিন মাস পরও তিনি কর্মস্থল ছাড়েননি বলে জানা গেছে। নিয়মিত নিচ্ছেন বেতন-ভাতাও। সরকারি আদেশ অমান্য করে দিব্যি চাকরি করে গেলেও প্রভাবশালী ও দাপুটে এই সার্ভেয়ারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি পেকুয়া ভূমি অফিস!

বরং পেকুয়া ভূমি অফিসে বহাল তবিয়তে কর্মরত থেকে বদলি আদেশ বাতিল করতে নানা তদবির চালানোর অভিযোগ উঠেছে সার্ভেয়ার সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে। এরইমধ্যে পেকুয়া ভূমি অফিসে ‘কানুনগো’র পদটি শূন্য হওয়ার সুবাদে সার্ভেয়ার সাজ্জাদ অতিরিক্ত দায়িত্ব হিসেবে কানুনগো পদেও দায়িত্ব পালন করছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চলতি ২০২৩ সালের ১৯ জুন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার (রাজস্ব) এস, এম হাসান স্বাক্ষরিত ৪১৩ (১২) নংম্বরের এক অফিস আদেশের অনুবলে পেকুয়া ভূমি অফিসে কর্মরত সার্ভেয়ার মো. সাজ্জাদ হোসেনকে পার্বত্য বান্দরবান জেলার থানছি উপজেলা ভূমি অফিসে বদলি করেন। বদলি আদেশ পাওয়ার দীর্ঘ প্রায় তিন মাস পার হতে চললেও তিনি ছাড়পত্র গ্রহণ করেননি।

যদিও ওই বদলি আদেশে বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের নির্দেশক্রমে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। কিন্তু গত তিন মাস হতে চললেও পেকুয়া ভূমি অফিসের প্রভাবশালী সার্ভেয়ার মো. সাজ্জাদ হোসেনের বদলি আদেশটি রহস্যজনক কারণে এখনও ‘অবিলম্বে কার্যকর’ হয়নি।

ভূমি অফিসে আগত সেবা প্রার্থীদের অভিযোগ, পেকুয়া ভূমি অফিসের প্রভাবশালী ও দাপুটে সার্ভেয়ার মো. সাজ্জাদ ঘুষ ছাড়া কোনো কাজ করেন না। অনিয়ম, দুর্নীতির কারণে বদলি হলেও পেকুয়া ভূমি অফিস ছাড়তে চাইছেন না তিনি।

স্থানীয়রা জানান, পেকুয়া ভূমি অফিস কর্তৃপক্ষ তাকে ছাড়পত্র দেওয়ার পরিবর্তে উল্টো একই স্থানে রেখে দিতে তদবির করছে। এ নিয়ে সার্ভেয়ার সাজ্জাদ হোসেন দৌড়ঝাঁপও শুরু করেছেন।

পেকুয়া উপজেলা ভূমি অফিসের কয়েকজন কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে বলেন, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে সার্ভেয়ার সাজ্জাদ হোসেনের সখ্য থাকায় বদলির তিন মাসের কাছাকাছির পরও ছাড়পত্র নিচ্ছেন না। পেকুয়া ভূমি অফিসও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারছে না।

এ বিষয়ে পেকুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুম্পা ঘোষ বলেন, এ বিষয়ে আমি বক্তব্য দিতে পারব না। এটি ডিসি স্যারের বিষয়। আপনি ডিসি স্যারের সঙ্গে যোগাযোগ করুন।