আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী কলম্বোতে ঝরেছে বৃষ্টি। তাই শ্রীলঙ্কা ও পাকিস্তানের মধ্যকার এশিয়া কাপের সুপার ফোর পর্বের ম্যাচটি এখনো শুরু হতে পারেনি। তবে আপাতত সুসংবাদ, বাংলাদেশ সময় ৫টা ৪৫-এ শুরু হবে খেলা। টস হবে সাড়ে ৫টায়।
প্রেমাদাসা স্টেডিয়ামে বৃহস্পতিবার বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল। টস হওয়ার কথা ছিল ৩টায়। কিন্তু কোনোটিই নির্ধারিত সময়ে হয়নি।
এখন কার্টেল ওভারে খেলা হবে ৪৫ ওভারে।
আজকের ম্যাচটা এক অর্থে ‘সেমিফাইনাল’। যে দল জিতবে, সেই দলই ফাইনালে ভারতের সঙ্গী হবে। সুপার ফোরে ভারত টানা দুই জয়ে ফাইনাল নিশ্চিত করেছে। সেটাও এক ম্যাচ হাতে থাকতে।
আজকের ম্যাচটি শেষ পর্যন্ত যদি না হয়, ভেসে যায় বৃষ্টিতে, তাহলে দুদল পাবে এক পয়েন্ট। তখন দুদলেরই পয়েন্ট হবে সমান ৩। তবে নেট রান রেটে এগিয়ে থাকায় শ্রীলঙ্কা উঠে যাবে ফাইনালে। আয়োজক হয়েও পাকিস্তান বিদায় নেবে।