ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্লাব আল নাসর এএফসি চ্যাম্পিয়নস লিগে ১৯ সেপ্টেম্বর গ্রুপ পর্বে প্রথম ম্যাচ খেলবে ইরানের ক্লাব পার্সেপোলিসের বিপক্ষে। অ্যাওয়ে ম্যাচ খেলতে রোনালদো-মানেদের যেতে হবে ইরানে। দেশটিতে ইন্টারনেট ব্যবহারে আছে সীমাবদ্ধতা।
তবে রোনালদোদের জন্য বিশেষ সিমকার্ডের ব্যবস্থা করা হচ্ছে। সৌদি ক্লাবটির খেলোয়াড়দের এমন সুযোগ করে দেওয়ায় সমালোচনাও করছেন অনেকে।
ইরানে অনেক ওয়েব সাইট এবং গ্লোবাল সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ। সেই তালিকায় আছে হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের মতন জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমও। অনেকে তাই বাধ্য হয়ে ভিপিএন ব্যবহার করলেও সেগুলো ডাউন করে দেওয়া হয়েছে।
যারা এই বিশেষ সিমের বিরোধিতা করছেন তাদের উদ্দেশ্যে পার্সেপোলিস প্রেসিডেন্ট রেজা দারভিশ বলেন, 'কিছু মানুষ আছে যারা আমাদের সুনাম নষ্ট করতে চায়। আমি ইন্টারসেল (ইরানের জনপ্রিয় সিম কোম্পানি) সিইও এর সাথে কথা বলেছি। আমি তাকে বলেছি আমরা নাসরের খেলোয়াড়দের এমন সিমকার্ড দিতে চাই যেটাতে ইন্টারনেট সীমাবদ্ধতা থাকবে না। তারা যেন এটি ইরানে প্রবেশের পর থেকে যাওয়ার আগ পর্যন্ত ব্যবহার করতে পারেন।'
২০২২ সালের সেপ্টেম্বর মাসে মাসা আমিনির পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনার পর থেকে ইন্টারনেট ব্যবহারে সীমাবদ্ধতা আরও কড়াকড়ি করে ইরান সরকার।
শুধু রোনালদোর ইনস্টাগ্রাম অনুসারী ৬০৪ মিলিয়ন। তিনি যদি ইরানে খেলতে যেয়ে ইনস্টাগ্রাম ব্যবহার না করতে পারেন, বিষয়টিতে ভাবমূর্তি ক্ষুণ্ন হবে পার্সেপোলিশ ক্লাব ও দেশের। সেই চিন্তা থেকেই হয়তো এমন ব্যবস্থা।