প্রয়াত ‘চাক দে ইন্ডিয়া’ খ্যাত অভিনেতা

প্রয়াত হলেন ‘চাক দে ইন্ডিয়া’, ‘মার্দানি’ খ্যাত বর্ষীয়ান অভিনেতা রিও কাপাডিয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর।

পরিবার সূত্রে খবর, বুধবার ১৩ সেপ্টেম্বর শেষ নিশ্বাস ত্যাগ করেন। তবে তার মৃত্যুর কারণ এখনও পরিবারের তরফে খোলাসা করা হয়নি। বৃহস্পতিবার রিওর বন্ধু অভিনেতার প্রয়াণের খবর সংবাদমাধ্যমকে জানান।

সম্প্রতি সুইজারল্যান্ডে ছুটি কাটাচ্ছিলেন রিও। সেখান থেকে সোশ্যালে ছবিও পোস্ট করেছিলেন। তার পর হঠাৎ অভিনেতার মৃত্যুসংবাদ পেয়ে বিস্মিত অনুরাগীদের একাংশ।

বলিউডের পরিচিত মুখ ছিলেন রিও। মূলত ছোট পর্দা থেকেই তার উত্থান। ২০০০ সালে ‘সুরাগ: দ্য ক্লু’ সিরিয়ালে অভিনয় করে নজরে আসেন। তার পর ‘কিউ কি সাস ভি কাভি বহু থি’ এবং ‘কুসুম’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকেও অভিনয় করেন রিও।

এক সময় ছোট পর্দা থেকে বড় পর্দায় প্রস্তাব এলে তা লুফে নিয়েছিলেন রিও। ‘দিল চাহতা হ্যায়’ এবং ‘হ্যাপি নিউ ইয়ার’ এবং ‘খোদা হাফিজ’ তার উল্লেখযোগ্য ছবি। সিনেমার পাশাপাশি সমান তালে অভিনয় করেছেন ওয়েব সিরিজেও। ‘বিগ বুল’ সিরিজ়ে তার অভিনয় প্রশংসিত হয়। সর্বশেষ তাকে ‘মেড ইন হেভেন’ ওয়েব সিরিজের দ্বিতীয় সিজনে দেখা গেছে।