টাঙ্গাইলে চিরনিদ্রায় শায়িত হলেন পরিচালক সোহান

টাঙ্গাইল কেন্দ্রীয় গোরস্তানে স্ত্রীর কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন খ্যাতিমান পরিচালক সোহানুর রহমান সোহান। গতকাল বৃহস্পতিবার সকালে পলাশতলী এলাকায় পৌঁছালে তাকে শেষবারের মতো দেখতে ভিড় করেন স্বজন ও এলাকাবাসী।

স্বজনরা জানিয়েছেন, সকাল ৯টায় টাঙ্গাইল পুরাতন বাসস্ট্যান্ড জামে মসজিদে জানাজা শেষে সোহানুর রহমানের ইচ্ছে অনুযায়ী তাকে স্ত্রীর কবরের পাশে দাফন করা হয়। তার জানাজায় জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক রিয়াজুল রিজু, চলচ্চিত্র লেখক আবু সাঈদ চৌধুরী, শ্যালক শাহী, আত্মীয়-স্বজনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

গত বুধবার বেলা সাড়ে ৩টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন খ্যাতিমান এই পরিচালক। এর আগের দিন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ব্রেন স্ট্রোকে মারা যান তার স্ত্রী প্রিয়া রহমান।  ২৪ ঘণ্টার ব্যবধানে দুজনের মৃত্যুতে শোকে পাথর হয়ে আছেন স্বজন ও এলাকাবাসী।

বহু ব্যবসা সফল চলচ্চিত্রের নির্মাতা সোহানুর রহমান। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘বিশ্বাস অবিশ্বাস’। এ নির্মাতার হাত ধরেই চলচ্চিত্রে আসেন সালমান শাহ, মৌসুমী, পপি ও ইরিন জামান। শাকিব খানের মুক্তি পাওয়া প্রথম সিনেমার পরিচালকও ছিলেন তিনি।