র‌্যাবকে পিটিয়ে হ্যান্ডকাফসহ আসামি ছিনতাই

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছাত্রলীগ নেতা রাকিব হত্যার অন্যতম আসামি ও হানজালা বাহিনীর প্রধান হানজালা পিস্তলসহ র‍্যাবের হাতে আটকের পর হ্যান্ডকাফসহ পালিয়েছে। ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি হানজালাকে তার বাহিনীর লোকেরা র‍্যাবের ওপর আক্রমণ করে ছাড়িয়ে নিয়ে যায়। এ সময় আহত হন র‍্যাবের ৪ সদস্য। গত বৃহস্পতিবার গভীর রাতে ভুলতা ইউনিয়নের টেলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় শুক্রবার রাতে র‍্যাব বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা করেছে। 

মামলার বরাত দিয়ে রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান বলেন, ‘বৃহস্পতিবার রাতে রাকিব হত্যা মামলার পলাতক আসামি ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি হানজালা বিদেশি পিস্তল নিয়ে নাশকতার উদ্দেশ্যে টেলাপাড়া এলাকায় অবস্থান নিয়েছে বলে র‍্যাবের কাছে সংবাদ আসে। ওই সংবাদের ভিত্তিতে র‍্যাব-১ পূর্বাচল ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে পিস্তলসহ হানজালাকে আটক করে। আটকের খবর এলাকায় ছড়িয়ে পড়লে তার বাহিনীর লোকেরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে র‍্যাবের ওপর হামলা চালিয়ে হ্যান্ডকাফ পরিহিত অবস্থায় পিস্তলসহ হানজালাকে ছিনিয়ে নেয়। এ সময় হামলায় আহত হন র‍্যাব সদস্য হাবিলদার মো. মুসফিকুর রহমান, করপোরাল মো. আফজাল হোসেন, এএসআই পাপেল বড়ুয়া,  কনস্টেবল তুষার আহম্মেদ বাপ্পি।’ 

আহতদের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় গতকাল রাতে র‍্যাব-১-এর ডিএডি সুবেদার শুক্কুর আলী বাদী হয়ে রূপগঞ্জ থানায় হানজালাকে প্রধান আসামিকে করে মামলা করেছেন।