আইনমন্ত্রী বললেন

আমলযোগ্য অপরাধ ছাড়া বিনা পরোয়ানায় গ্রেপ্তারের সুযোগ নেই

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আমলযোগ্য অপরাধ ছাড়া সাইবার নিরাপত্তা আইনে (সিএসএ) বিনা পরোয়ানায় গ্রেপ্তারের সুযোগ নেই। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভায় যোগদানের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‌সাইবার সিকিউরিটি অ্যাক্টে আমলযোগ্য অপরাধের মাত্র চারটি ধারা রয়েছে। আমলযোগ্য অপরাধ ছাড়া এ আইনে বিনা পরোয়ানায় গ্রেপ্তারের সুযোগ কোনো আইনশৃঙ্খলা বাহিনীর নেই। এ বিষয়ে যেসব প্রশ্ন উত্থাপন করা হচ্ছে, এগুলো সাইবার সিকিউরিটি অ্যাক্টের অপব্যাখ্যা।

তিনি আরও বলেন, সাইবার সিকিউরিটি অ্যাক্টে টেকনিক্যাল অপরাধ, হ্যাকিং এবং কম্পিউটারের ভেতরে ঢুকে যদি কেউ কোনো কিছু নষ্ট করে, সেজন্য ১৪ বছরের সাজার বিধান রয়েছে। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে যেসব ধারা নিয়ে সাংবাদিক মহলের আপত্তি ছিল, এগুলোর আমূল পরিবর্তন করা হয়েছে।

বিএনপি-জামায়াতের সমালোচনা করে আনিসুল হক বলেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে হত্যার পর বাংলাদেশের স্বাধীনতার চাকা কিন্তু উল্টো দিকে ঘোরানোর চেষ্টা হয়েছিল। জিয়াউর রহমান যারা খুনি-রাজাকার তাদের নিয়ে সরকার গঠন করেছিল। জিয়াউর রহমান বাংলাদেশটাকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করেছিল। জিয়াউর রহমানের হত্যার পর এরশাদও ঠিক তাই করার চেষ্টা করেছিল।’