ছিনতাই চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

ঢাকার সাভারে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে ছিনতাইকারী চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে আশুলিয়া থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) আব্দুল্লাহ হিল কাফি। এর আগে গত বৃহস্পতিবার বিকেলে সাভারের আশুলিয়ার চারাবাগ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলো, সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার মাসুদ করিম (৫০), একই এলাকার রবিউল করিম সুলভ (৩০), পাবনা জেলার চাটমোহর থানার আব্দুল খালেক (৩৪) ও নাছির উদ্দিন (২৯)। অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) আব্দুল্লাহ হিল কাফি জানান, ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই চক্রের আটক সদস্যদের কাছ থেকে ছিনতাই করা ২ লাখ ৬৪ হাজার টাকা, ছিনতাইয়ে ব্যবহৃত প্রাইভেট কার, ওয়াকিটকি ও ডিবি পুলিশের পোশাক উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সাভার, আশুলিয়া, ধামরাই ও চন্দ্রা এলাকায় ছিনতাই করার কথা স্বীকার করেছে। তারা মূলত ব্যাংক থেকে বেশি টাকা উত্তোলনকারী গ্রাহকদের টার্গেট করে অনুসরণ করে ছিনতাই করে থাকে।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলাসহ চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তার এবং ছিনতাইকৃত অবশিষ্ট টাকা উদ্ধারে অভিযান পরিচালনা করা হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। আশুলিয়ার বলিভদ্র এলাকায় ছিনতাইয়ের শিকার ভুক্তভোগী মো. ইউসুফ বলেন, দুপুরে ৪ লাখ ১৫ হাজার টাকা উত্তোলন করে ব্যাংক থেকে বেরিয়ে রাস্তায় দাঁড়াই।

এ সময় একটি সাদা রঙের প্রাইভেট কারে করে কয়েকজন এসে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেয়। তারা ডিবি পুলিশের কটি, ওয়্যারলেস, হ্যান্ডকাফ ও পিস্তল নিয়ে এসেছিল। এ সময় তারা জোর করে আমাকে গাড়িতে ওঠাতে চায়। কিন্তু আমি গাড়িতে না ওঠায় আমার সঙ্গে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে তারা আমার মাথায় লাঠি দিয়ে আঘাত করে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। আমি আশুলিয়া থানায় এসে বিষয়টি জানালে পুলিশ দ্রুত ব্যবস্থা নেয়। পরে চারাবাগ এলাকা থেকে তাদের আটক করা হয়।