চোটের কারণে কিলিয়ান এমবাপ্পের খেলা নিয়ে শঙ্কা ছিল। তবে তা কেটে যায় পিএসজির শুরুর একাদশে তাকে দেখে। পুরোটা সময় মাঠেও ছিলেন। করেছেন জোড়া গোল। তবুও নিসের বিপক্ষে শেষ হাসি হলো না তার। হারের হতাশা নিয়ে ছাড়তে হয়েছে মাঠ।
ঘরের মাঠ পার্ক দ্য প্রিন্সেসে নিসের কাছে ৩-২ গোলে হেরেছে পিএসজি। এমবাপ্পের মতো নিসের নাইজেরিয়ান ফুটবলার টেরেম মফিও পেয়েছেন জোড়া গোল।
খেলার ২১ মিনিটেই নিসকে লিড এনে দেন মতো মফি। তবে সেটা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। ৮ মিনিট পর এমবাপ্পে পিএসজিকে সমতায় ফেরান। আশরাফ হাকিমির বাড়িয়ে দেওয়া বল সোজা জালে ঢুকান তিনি।
সমতা নিয়েই বিরতিতে যায় দুই দল। তবে বিরতির আরও ক্ষিপ্র হয়ে ওঠে নিস। ৫৩ মিনিটে গিতেন লেব্রডের গোলে ফের এগিয়ে যায় তারা। আর এই গোলের পেছনের কারিগর মফি।
এগিয়ে থেকেও মন ভরছিল না নিসের। তাই তো মিনিট পনেরো পর ব্যবধান বাড়ায় তারা। ৬৮ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল আদায় করেন মফি। গিতেন লেব্রডে যেন ঋণ পরিশোধ করলেন সহায়তা করে।
এই গোল যে জরুরি ছিল সেটা প্রমাণ হয় ৮৭ মিনিটে। কলো মুয়ানি বল বাড়িয়ে দিলে এমবাপ্পে গোল করে ব্যবধান কমান। কিন্তু সেটা শুধুই হারের ব্যবধান কমিয়েছে। জয়ের মুখ আর দেখতে পারেনি প্যারিসিয়ানরা।