রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার দেল্লা বামৈল এলাকায় পুলিশের শটগানের গুলিতে একজন আহত হয়েছেন। তার নাম মিনহাজুন আবেদিন ফাহিম (২৭)। তিনি 'ডাকাত সদস্য' বলে দাবি করছে পুলিশ।
আজ শনিবার (১৬ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে গুলির ঘটনা ঘটে। ঘটনার পরপরই চিকিৎসার জন্য পুলিশ সদস্যরাই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়।
আড়াইহাজার থানার ওসি ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, গতরাতে আড়াইহাজার শ্রীবর্দী এলাকায় একটি ডাকাতির ঘটনা ঘটে। সেই ঘটনায় জড়িত ডাকাত সদস্যদের ধরতে ডেমরায় অভিযান চালানো হয়। তখন প্রথমে পুলিশের ওপর আক্রমণ করা হয়। এ সময় গুলির ঘটনা ঘটে। এতে এক ডাকাত সদস্য আহত হয়। এ ছাড়া পুলিশের ৪ সদস্য আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। অভিযান এখনও অব্যাহত। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।
এদিকে আহত ফাহিমের স্ত্রী বৃষ্টি আক্তার সিমা জানান, তারা দেল্লা বামৈল মাদবার বাড়ি রোডে নিজেদের বাড়িতে থাকেন। ফাহিম পেশায় তেমন কিছুই করেন না। দেশের বাইরে যাওয়ার চেষ্টা করছিলেন তিনি। আজ ভোরে তাদের বাসায় বেশ কয়েকজন মানুষ আসে। তারা নিজেদের পরিচয় না দিয়ে বাড়ির গেট ধাক্কাতে থাকে এবং ডাকাডাকি শুরু করে। তখন ভয়ে ফাহিম ও তার ছোট ভাই নাইম (২৩) ঘর থেকে বের হয়ে ছুটোছুটি শুরু করলে সাদা পোশাকে থাকা পুলিশ গুলি করে। এতে ফাহিমের ডান পায়ে গুলি লাগে। তখন ফাহিমের ছোট ভাই নাইমকেও আটক করে নিয়ে যায় তারা।