আজ মিলান ডার্বি

চলতি সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে দুটি করে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্ব ম্যাচ খেলেছে দক্ষিণ আমেরিকার দেশগুলো। ইউরোপের দেশগুলো খেলেছে ইউরো ২০২৪-এর বাছাইয়ের ম্যাচ। কিছু দেশ খেলেছে প্রীতি ম্যাচও। ফিফা উইন্ডো শেষে গতকাল রাতেই ফের শুরু হয়েছে ইউরোপের ক্লাব ফুটবল।

আজ মাঠে নামবে বার্সেলোনা, ম্যানচেস্টার সিটি, ম্যানইউর মতো বড় দলগুলো। সিরি আ’তে আজ রাতে মিলান ডার্বি। ইন্তার মিলান ও এসি মিলান দুই দলেরই সিরি আ’তে তিন ম্যাচ শেষে পয়েন্ট সমান ৯ করে। গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষ আছে ইন্তার।

আজকের ম্যাচে জয়ী দল এককভাবে শীর্ষে উঠবে। এ ছাড়া সিরি আ’তে মৌসুম শেষে পয়েন্ট সমান হলে সবার আগে দেখা হয় মুখোমুখি লড়াইয়ের হিসাব। তাই মিলান ডার্বিতে জয় পাওয়াটা গুরুত্বপূর্ণ।

ইংলিশ প্রিমিয়ার লিগে উলভসের বিপক্ষে খেলবে লিভারপুল। ওল্ড ট্র্যাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচ ব্রাইটনের বিপক্ষে। আর ম্যানচেস্টার সিটি খেলবে ওয়েস্টহ্যামের সঙ্গে।