ফেনী

প্রস্তাবিত সাইবার নিরাপত্তা আইন সংশোধনের দাবি

প্রস্তাবিত সাইবার নিরাপত্তা আইনের বিতর্কিত ধারা সংশোধনের দাবিতে ফেনীতে মানববন্ধন করেছেন সাংবাদিকরা।

শনিবার সকালে শহরের ট্রাংক রোডের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সাইবার নিরাপত্তা আইনের ৪২ ধারায় বিনা পরোয়ানায় তল্লাশি ও গ্রেপ্তারের ক্ষমতা পুলিশকে দেওয়া হয়েছে। এ ধরনের নিবর্তনমূলক ধারা স্বাধীন মত প্রকাশের ক্ষেত্রে বাধা ও হুমকি হবে। সমাজের দুর্নীতিবাজ ও অপকর্মকারীরা এ আইনটিকে গণমাধ্যমকর্মীদের বিরুদ্ধে হাতিয়ার হিসেবে ব্যবহার করবে, যা সাংবাদিকদের মুক্ত ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বাধা সৃষ্টি করবে।

এতে সভাপতিত্ব করেন দৈনিক ফেনীর সময় পত্রিকার সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ফেনী জেলা শাখার উদ্যোগে সংগঠনের সাধারণ সম্পাদক এবিএম নিজাম উদ্দিনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জসিম মাহমুদ, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি একেএম আবদুর রহীম, চ্যানেল আইয়ের প্রতিনিধি রবিউল হক রবি প্রমুখ।