১৯ সেপ্টেম্বর জামায়াতের বিক্ষোভ কর্মসূচি

জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানসহ নেতাকর্মী ও আলেম-ওলামাদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার দাবিতে আগামী ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার সকল মহানগরীতে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী।

রবিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় গণমাধ্যামে পাঠানো এক বিবৃতি কর্মসূচির ঘোষণা দেন সংগঠনের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম।

বিবৃতিতে তিনি বলেন, “বর্তমান সরকার আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান, কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও সারাদেশে নেতাকর্মীদের মিথ্যা ও সাজানো মামলা দিয়ে আটক করে রেখেছে। নেতাকর্মীরা আদালত থেকে জামিন লাভ করলেও সরকার তাদের মুক্তি দিচ্ছে না। নতুন নতুন মিথ্যা ও সাজানো মামলা দিয়ে নেতাকর্মীদের মুক্তির পথ রুদ্ধ করা হয়েছে। ফ্যাসিস্ট সরকার দেশের বরেণ্য আলেম-ওলামাদের উদ্দেশ্যমূলক মামলা দিয়ে কষ্ট দিচ্ছে। তাদেরকেও মুক্তি না দিয়ে হয়রানি করা হচ্ছে। এমনকি মৃত ব্যক্তিদের নামেও মামলা দায়ের করা হচ্ছে।

বিবৃতিতে বলা হয়, ‘গত ৩ দিনে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ৬৫ জন নেতাকর্মীকে সম্পূর্ণ অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে। সরকারের জুলুম-নির্যাতন থেকে বৃদ্ধ নারী-পুরুষ, শিশুসহ কেউই রেহাই পাচ্ছে না। সরকারের জুলুম-নির্যাতনের মাত্রা চরম আকার ধারণ করেছে।’