মক্কার মসজিদে হারামে বিশ্বের নানা প্রান্ত থেকে আগত লাখ লাখ মানুষ একসঙ্গে নামাজ পড়েন। পাশাপাশি ওমরাহযাত্রীরা পবিত্র কাবাঘর তাওয়াফ করেন। বিপুল পরিমাণ মানুষের সমাগম হওয়ায় শারীরিকভাবে প্রতিবন্ধীদের জন্য রয়েছে পৃথক ব্যবস্থা। নামাজ, তাওয়াফসহ অন্যান্য কার্যক্রম স্বাচ্ছন্দ্যে পালন নিশ্চিত করতে তাদের জন্য এ ব্যবস্থা নেওয়া হয়।
গত ১৩ সেপ্টেম্বর প্রতিবন্ধী মুসল্লিদের বিভিন্ন সুযোগ-সুবিধার কথা তুলে ধরে পবিত্র মসজিদুল হারাম ও পবিত্র মসজিদে নববিবিষয়ক সাধারণ কর্র্তৃপক্ষ বিভাগ।
নামাজের নির্ধারিত স্থান : মসজিদে হারামে প্রতিবন্ধী মুসল্লিদের জন্য নির্ধারিত স্থান রয়েছে। এসব স্থান মসজিদে প্রবেশের দরজার পাশেই। যেন তারা সহজেই নির্ধারিত স্থানে পৌঁছতে পারেন।
এখানে জমজম পানি, ব্রেইল পদ্ধতিতে লেখা পবিত্র কোরআনের কপি, অন্ধের লাঠি, তায়াম্মুমের উপকরণ, ইশারা ভাষার সহযোগী, বিভিন্ন ভাষার অনুবাদকসহ মুসল্লিদের প্রয়োজনীয় সবকিছুর ব্যবস্থা রয়েছে। প্রতি নামাজের আগে ও পরে এসব স্থান পরিষ্কার ও জীবাণুমুক্ত করা হয়।
বিশেষ যান চলাচলের ব্যবস্থা : মসজিদে হারামের ভেতরে হস্তচালিত বিশেষ যানের নির্ধারিত আটটি প্রধান পথ রয়েছে। আজাদ ব্রিজ, শুবাইকা ব্রিজ ও মারওয়া প্রান্তে যাওয়ার পথে এর ব্যবস্থা রয়েছে। তা ছাড়া তাদের চলাচলের জন্য এস্কেলেটর ও লিফট রয়েছে। নামাজের স্থানে তাদের চলাচলের স্থানগুলো চিহ্নিত করে রাখা হয়েছে।