বারবার একই ঠিকাদারি প্রতিষ্ঠান কেন কাজ পায়Ñ তার কারণ জানতে চেয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির আগামী বৈঠকে এ বিষয়ে মন্ত্রণালয়কে তদন্ত প্রতিবেদন দিতে সুপারিশ করা হয়েছে কমিটির সভা থেকে।
গতকাল রবিবার জাতীয় সংসদ ভবনে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।
সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটির বৈঠক সম্পর্কে আরও জানানো হয়, বৈঠকে সিলেট-তামাবিল মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্প এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতাধীন গুরুত্বপূর্ণ মহাসড়কে পণ্য পরিবহনের উৎসমুখে এক্সেল লোড নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপন প্রকল্পের কাজগুলোর অগ্রগতিতে সন্তোষ প্রকাশ এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ সমাপ্তকরণের জন্য সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি রওশন আরা মান্নানের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য মো. আবু জাহির, মো. ছলিম উদ্দীন তরফদার, সেখ সালাহউদ্দিন, রাবেয়া আলীম এবং মেরিনা জাহান অংশ নেন।