ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ রোগী ভর্তির রেকর্ড, আরও ১৮ মৃত্যু

দেশে এক দিনে হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তির রেকর্ড হয়েছে। গত ২৪ ঘণ্টায় (গতকাল রবিবার সকাল ৮টা পর্যন্ত) বিভিন্ন হাসপাতালে ৩ হাজার ১২২ জন রোগী ভর্তি হয়েছে। এ সংখ্যা এই যাবৎকালের সর্বোচ্চ। এর আগে এক দিনে সর্বোচ্চ ২ হাজার ৯৪৪ জন রোগী ভর্তির রেকর্ড ছিল গত ১৩ সেপ্টেম্বর।

এ সময় গত ১০ দিনের মধ্যে সর্বোচ্চ ১৮ জন ডেঙ্গু রোগী মারা গেছে। এর আগে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ছিল ৭ সেপ্টেম্বর ২০ জনের।

ঢাকার সঙ্গে ঢাকার বাইরের রোগীর ব্যবধানের আরেকটি রেকর্ড হয়েছে। গত ২৪ ঘণ্টায় ঢাকার চেয়ে ঢাকার বাইরে ১ হাজার ৪২৪ জন রোগী পাওয়া গেছে। এ সময় ঢাকায় ভর্তি হয়েছে ৮৪৯ ও ঢাকার বাইরে ২ হাজার ২৭৩ জন। অর্থাৎ এক দিনের মোট রোগীর ৭৩ শতাংশই ভর্তি হয়েছে ঢাকার বাইরে। এর আগে সর্বোচ্চ ব্যবধান ছিল ১৩ সেপ্টেম্বর, ৭২ শতাংশ।

এ নিয়ে চলতি বছর এই পর্যন্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১ লাখ ৬৭ হাজার ৬৮৪ জন। তাদের মধ্যে ঢাকার ভর্তি হয়েছে ৭৩ হাজার ২৩৩ ও ঢাকার বাইরে ৯৪ হাজার ৪৫১ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ১০ হাজার ৪৩৭ জন। তাদের মধ্যে ঢাকায় ভর্তি রয়েছে ৪ হাজার ৬৬ ও ঢাকার বাইরে ৬ হাজার ৩৭১ জন।

এ পর্যন্ত মারা গেছে ৮২২ জন। তাদের মধ্যে ঢাকায় ৫৬৪ ও ঢাকার বাইরে ২৫৮ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর হার শূন্য দশমিক ৫ শতাংশ।

রোগী বেড়েছে ২২ শতাংশ : স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুর সাপ্তাহিক বিশ্লেষণ অনুযায়ী, দেশে গত সপ্তাহে (১০-১৬ সেপ্টেম্বর) ডেঙ্গু রোগী ২২ শতাংশ বেড়েছে। অথচ এর আগের দুই সপ্তাহেই রোগী কমেছিল। এ সময় মারা গেছে ৮৮ জন। তাদের মধ্যে নারী ৫১ ও পুরুষ ৩৭ জন। অথচ সেই সপ্তাহে আক্রান্ত বেশি ছিল পুরুষ, ১০ হাজার ৯৮৩ ও নারী ৮ হাজার ২৪৪ জন।

গত সপ্তাহে আক্রান্তের ৫৭ শতাংশ ছিল পুরুষ ও ৪৩ শতাংশ নারী। কিন্তু মারা গেছে নারী ৫৮ শতাংশ ও পুরুষ ৪২ শতাংশ।

গত সপ্তাহে যত রোগী মারা গেছে, তাদের ৮১ শতাংশেরই মৃত্যু হয়েছে হাসপাতালে ভর্তির তিন দিনের মধ্যে। এ ছাড়া ভর্তির ৪-৫ দিনের মধ্যে ১০ শতাংশ, ৬-১০ দিনের মধ্যে ৮ শতাংশ ও ১০ থেকে তার বেশি সময়ে মারা গেছে ১ শতাংশ।